টাকার আয়-ব্যয়ের হিসেব, বাজেটে জানালেন অর্থমন্ত্রী
Web Desk, ABP Ananda | 01 Feb 2019 04:36 PM (IST)

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের আয়ের ক্ষেত্রে প্রতি এক টাকার মধ্যে ৭০ পয়সা আসছে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর থেকে। রাজ্যগুলিকে বিভিন্ন কর ও শুল্ক বাবদ দিতে হবে ২৩ পয়সা। আজ বাজেট পেশ করতে গিয়ে এই হিসেব দেন অর্থমন্ত্রী পীযূষ গয়াল। বাজেটের হিসেব অনুযায়ী, সরকারের আয়ের প্রতি এক টাকার মধ্যে জিএসটি থেকে আদায় ২১ পয়সা। জিএসটি-ই সরকারের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস। ঋণ ও অন্যান্য দেনা বাবদ আয় ১৯ পয়সা। আবগারি শুল্ক বাবদ আয় ৭ পয়সা। বিলগ্নিকরণের মতো কর-বহির্ভূত রাজস্ব থেকে ৮ পয়সা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। ঋণ-বহির্ভূত মূলধনী আয় বাবদ ৩ পয়সা আদায় করতে চাইছে সরকার। কর্পোরেট কর বাবদ ২১ পয়সা আদায়ের লক্ষ্য রয়েছে সরকারের। এছাড়া আগামী অর্থবর্ষে আয়কর বাবদ আয় বাড়িয়ে ১৭ পয়সা করতে চায় সরকার। শুল্ক বাবদ ৪ পয়সা আয়ের লক্ষ্য রয়েছে কেন্দ্রের। ব্যয়ের হিসেব দিতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলিকে কর ও শুল্ক বাবদ এক টাকার মধ্যে ২৩ পয়া দিতে হবে। সুদ বাবদ রাজ্যগুলিকে ১৮ পয়সা দিতে হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ ৯ পয়সা থেকে কমিয়ে ৮ পয়সা করা হয়েছে। সরাসরি কেন্দ্রের আওতায় থাকা বিভিন্ন প্রকল্পে খরচ হবে ১২ পয়সা। কেন্দ্রীয় সাহায্যে চলা বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ বাবদ খরচ হবে ৯ পয়সা। অর্থ কমিশন ও বিভিন্ন বদলির ক্ষেত্রে খরচ ৮ পয়সা। ভর্তুকি ও পেনশনের ক্ষেত্রে খরচ যথাক্রমে ৯ পয়সা ও ৫ পয়সা। অন্যান্য খাতে খরচ ৮ পয়সা।