প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বেড়ে ৩ লক্ষ কোটি টাকার বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Feb 2019 01:49 PM (IST)

নয়াদিল্লি: ২০১৯-২০ তে প্রতিরক্ষা বাজেট ৩ লক্ষ টাকা বেশি করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পিযূষ গয়াল।লোকসভায় ২০১৯-২০-র বাজেট পেশ করতে গিয়ে গয়াল বলেছেন, ওআরওপি-র জন্য গত তিন বছরে ৩৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। গয়াল জানিয়েছেন, আগামী অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট ৩ লক্ষ কোটি টাকার বেশি করা হয়েছে। অর্থমন্ত্রী ৪২ কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য বড়সড় পেনশন প্রকল্পের ঘোষনা করেছেন। এই ঘোষণা অনুযায়ী, ৬০ বছরের পর মাসিক ৩ হাজার টাকার পেনশনের আশ্বাস দেওয়া হয়েছে। রেলওয়ের ক্ষেত্রে গয়াল বলেছেন, রেলের মূলধনী ব্যয় আগামী অর্থবর্ষে সবচেয়ে বেশি ১.৫৮ লক্ষ কোটি টাকা হবে। অর্থমন্ত্রীর দাবি, সারা দেশে রক্ষীবিহীন রেল ক্রশিং আর নেই। বন্দে ভারত এক্সপ্রেসগুলি যাত্রীদের গতি, পরিষেবা ও নিরাপত্তার বন্দোবস্ত করবে এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ক্ষেত্রে সহায়ক হবে। গ্রামীণ এলাকায় সড়ক নির্মাণের বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, এ ক্ষেত্রে সড়ক নির্মাণের পরিমাণ তিনগুণ হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে ১৭.৮৪ জনপদের মধ্যে ১.৮ লক্ষ জনপদ পাকা রাস্তার সঙ্গে যু্ক্ত হয়েছে। আগামী অর্থবর্ষে এই প্রকল্পে ১৯,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।