কলকাতা : দেশে ক্রমবর্ধমান তাপপ্রবাহ এখন আর শুধু আবহাওয়ার বিষয় নেই, বরং এটি মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি ও ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন একটি ভিডিও বার্তায় স্পষ্টভাবে জানান যে, ভারতের তাপমাত্রা এখন মানুষের সহনশীলতার সীমার বাইরে পৌঁছে গেছে। এর অর্থ হলো, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, যেখানে সামান্যতম অবহেলাও মারাত্মক ক্ষতি করতে পারে। তিনি আরও জানান যে, তাপপ্রবাহ এখন আর শুধু গরমে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বড় স্বাস্থ্য জরুরি অবস্থা হয়ে উঠছে, যার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ভারতে তাপপ্রবাহ কেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথনের মতে, ভারতের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে। দিন দিন তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যে, মানুষের শরীর তা সহ্য করতে পারছে না। এটি অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
তিনি তাঁর ভিডিও বার্তায় বলেন, ''ভারতের একটি বড় অংশ বর্তমানে তাপপ্রবাহের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান করছে। আমরা এখন যে ধরনের তাপমাত্রা দেখছি, তা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। এই চরম তাপপ্রবাহের জন্য আমাদের সকলকে পদক্ষেপ নিতে হবে। এটি জীবন ও জীবিকা উভয় ক্ষেত্রের জন্য ভয়ঙ্কর রূপ নিচ্ছে। শুধু স্বাস্থ্যকেন্দ্রগুলোকেই প্রস্তুত থাকতে হবে এমন নয়, স্বাস্থ্য ক্ষেত্রের বাইরেও আমাদের একাধিক বিভাগ এবং মন্ত্রালয় মিলিত হয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভারতের জন্য একটি তাপ কমিশন গঠন করার এটাই সঠিক সময়। এমন একটি কমিশন গঠিত হোক, যা জীবন ও জীবিকা রক্ষার জন্য আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে সুপারিশ করবে। আর্দ্র তাপ আসলে স্বাস্থ্যের জন্য একটি বড় ক্ষতিকর জিনিস। কারণ শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। আমাদের তাপপ্রবাহের ভৌগোলিক নির্দিষ্ট সংজ্ঞা ব্যাখ্যা করা প্রয়োজন এবং আমাদের তাপপ্রবাহ নিয়ে সতর্কতা ও মানুষের জন্য কিছু নির্দেশিকা জারি করা প্রয়োজন। একবার আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হলে, পরবর্তীতে মারাত্মক হয়ে উঠতে পারে।''
আর্দ্র গরম মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক কেন ?
আর্দ্র গরম যে কোনও মানুষের জন্য খুবই বিপজ্জনক। কারণ, এতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, যা শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে নিমেষে অচল করে দেয়। এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। বিজ্ঞান মতে, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে শরীর থেকে নির্গত ঘাম সহজে বাষ্পীভূত হতে পারে না। ফলে শরীর তার নিজের তাপমাত্রাকে কমাতে ব্যর্থ হয়। আর এর কারণে শরীর ঠান্ডা হতে পারে না। অন্যদিকে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও দ্রুত বাড়তে থাকে। এতেই ঘটে বিপত্তি। এটি হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী অবস্থার সৃষ্টি করে। পাশাপাশি শ্বাসকষ্ট হতে থাকে। এই অবস্থায় শরীরকে ঠান্ডা রাখার জন্য হৃৎপিণ্ড অতিরিক্ত পাম্প দেয়, যা রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়।
