নয়াদিল্লি: মাঝ সমুদ্রে হঠাৎই রাস্তা বদল। ভারতের পরিবর্তে চিনের দিকে মুখ ঘুরে গেল তেলভর্তি জাহাজ। টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই জাহাজটি ভারতের পরিবর্তে চিনের দিকে এগোচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এবার সেই নিয়ে মুখ খুলল ভারত। (Iranian Crude Oil)
ইরান থেকে অশোধিত তেল নিয়ে সম্প্রতি ভারত অভিমুখে এগোতে শুরু করে Ping Shun নামের একটি ট্যাঙ্কার। গুজরাতের বডীনার বন্দরে সেটির নোঙর করার কথা ছিল। ২০১৯ সালের পর এই প্রথম ইরান থেকে ভারতে তেল ঢুকছে, আগামী দিনে সম্পর্ক আগের জায়গায় ফিরে যাবে কি না, সেই নিয়ে শুরু হয়েছিল চর্চা। (India-Iran Relations)
কিন্তু একদিন আগে হঠাৎই তেলভর্তি ট্যাঙ্কারের অভিমুখ বদলে যায়। জাহাজেক গতিবিধির উপর নজরদারি চালানো সংস্থা Kpler শুক্রবার জানায়, বডীনার যেতে যেতে মুখ ঘুরিয়ে নিয়েছে জাহাজটি। চিনের দোংইংয়ের দিকে এগোচ্ছে সেটি। মাঝপথে কেন অভিমুখ বদলাল জাহাজটি, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। তেলের দাম এবং টাকা-পয়সা নিয়ে ঝামেলার দরুণই জাহাজটি উল্টো দিকে রওনা দেয় বলেও দাবি ওঠে।
সেই নিয়ে এবার লিখিত বিবৃতি দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তাদের বক্তব্য, ‘টাকা-পয়সা নিয়ে সমস্যার দরুণ ইরান থেকে আসা অশোধিত তেলের জাহাজ বডীনারের পরিবর্তে চিনের দিকে ঘুরে গিয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা তথ্যগত ভাবে ভুল। ৪০টির বেশি দেশ থেকে তেল আমদানি করে ভারত, ভিন্ন ভিন্ন উৎস থেকে তেল আমদানির রাস্তা আছে সংস্থাগুলির। পশ্চিম এশিয়া থেকে সরবরাহে বিঘ্ন ঘটলেও, ভারতীয় শোধনাগারগুলি অশোধিত তেলের চাহিদা মিটিয়ে নিয়েছে, ইরানের থেকেও; ইরানের তেল আমদানি করার ক্ষেত্রে পেমেন্টের কোনও সমস্যা নেই’।
মাঝ সমুদ্রে তেলভর্তি জাহাজের গতিপথ পরিবর্তন নতুন কোনও ঘটনা নয়, বরং হামেশাই এমন ঘটে থাকে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, আগামী কয়েক মাস তেলের জোগান নিয়ে চিন্তার কোনও কারণ নেই ভারতের। LPG নিয়েও ভুল খবর ছড়াচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র।
