Jammu And Kashmir News: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ৩ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, এই ২ জঙ্গি, জইশ-ই-মহম্মদের সদস্য। এদের মধ্যে একজনের নাম সইফুল্লা। সেনা সূত্রে খবর, বিগত ২ বছর ধরে কিশতোয়ারে ঘাঁটি গেড়েছিল সে। অনেকদিন ধরেই তার উপর নজর ছিল নিরাপত্তাবাহিনীর। কিশতোয়ারের সাম্প্রতিক অভিযানে তার মৃত্যু নিঃসন্দেহে সেনার বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে। এর আগে অন্তত ২০ বার নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়েছিল সইফুল্লা। তবে এবার সাফল্য পেয়েছে সেনাবাহিনী।
কিশতোয়ারে নিরাপত্তাবাহিনীর Operation Trashi-I অভিযানে খতম হয়েছে জইশ জঙ্গি সইফুল্লা। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা একত্রিত হয়ে এই অভিযান চালাচ্ছিলেন। কিশতোয়ারের ছতরু এলাকায় যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেই খবর আগেই পেয়েছিল নিরাপত্তাবাহিনী। সেই মতোই রবিবার বেলা ১১টা নাগাদ শুরু হয় অভিযান।
জঙ্গিরা একটি মাটির বাড়িতে লুকিয়ে ছিল খবর পায় সেনাবাহিনী। পাহাড়ি এলাকার মধ্যে তুলনায় সমতল একটি অংশে, বলা যায় পাদদেশে ছিল ওই মাটির বাড়ি। সেনার উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। দু'পক্ষের তীব্র গুলির লড়াই শুরু হয় চোখের নিমেষে। সেনাবাহিনীর গুলির লড়াইয়ে খতম হয় ২ জইশ জঙ্গি। জানা গিয়েছে, জঙ্গিদের থেকে ২টি একে৪৭ রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
চলতি মাসের শুরুর দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমে জম্মু ও কাশ্মীরে ২ জায়গায় দু'টি এনকাউন্টারে খতম হয়েছে মোট তিনজন জঙ্গি। উধমপুরের বসন্তগড় এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার একটি গোপন ডেরার খোঁজ পেয়েছিল নিরাপত্তাবাহিনী। একটি গুহার মধ্যে ছিল জঙ্গিদের গোপন আস্তানা। সেখানে ২ জঙ্গিকে শেষ করতে সফল হয়েছে নিরাপত্তাবাহিনী। সেনা সূত্রে খবর, পাকিস্তান থেকে আসা একজন বেশ পরিচিত কমান্ডার মাভি গুলির লড়াইয়ে, সংঘর্ষে মারা গিয়েছে। অন্যদিকে আরেক জঙ্গির মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায়। অপারেশন কিয়া এবং অপারেশন ত্রাশি ১ - সেনাবাহিনীর এই দুই অভিযানেই খতম হয়েছিল ৩ জঙ্গি। যাদের মধ্যে ২ জন জইশ-ই-মহম্মদের সদস্য।
