কলকাতা: মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে। এবং আজ রাত ১২ টার মধ্যে যারা অভিযুক্ত, তাঁদেরকে চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।এবার মোথাবাড়ি কাণ্ডে অন্য সমীকরণ খুঁজে পেলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
"এটা কোনও স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত"
এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে, যখন বিচারপতিরা অভিযানে সামিল হয়েছেন, তাঁদের উপরে যে ১৫ ঘণ্টা ধরে যে আক্রমণ চলল, তা সম্পূর্ণভাবে সংশোধীয় রীতিনীতি, শিষ্ঠাচার, ভারতীয় সংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত, নির্বাচনিক প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলল। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা কোনও স্থানীয় মানুষের জনরোষ নয়। এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেবার জন্য, আমাদের মধ্যে মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি বন্ধ করে, সেখানে আগুন জ্বালিয়ে, আজকে এতজন বিচারককে আটকে রাখা হল। যাদের মধ্যে মহিলারাও ছিলেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি সুপরিকল্পিত প্রয়াস চলেছে। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে, যে আমরা যেকোনও মূল্য চিকেন নেককে, সরিয়ে দিয়ে, পশ্চিমবঙ্গে সার্বিকভাবে, এবং বিশেষ করে ভারতবর্ষের উপরে একটা আক্রমণ নামিয়ে আনব, তারই একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালের ঘটনা।'
"এমন কিছু করবেন না, যাতে CBI করে, NIA করে, আপনাদের গ্রেফতার করে"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০১৪ সাল থেকে যে যে রাজ্য মোদিজির ওপরে ভরসা রেখে সরকার গড়েছে, সেইসব রাজ্য বিকাশের রাস্তায় হাঁটছে। এবার পালা আমাদের বাংলার। মালদার ঘটনার NIA তদন্ত হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।তার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন মুখ্য়মন্ত্রী। মমতা বলেন, আপনার ছেলেমেয়েরা গ্রেফতার হবে, আপনার ছেলেমেয়ের ওপর অ্য়াকশন হবে। আমি মালদায় যাঁরা করছেন, তাঁদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হোন। মুর্শিদাবাদেও বলে যাব, কালকে শুক্রবার জুম্মাবার আছে। কারও কথায় গ্য়াস খেয়ে এমন কিছু করবেন না, যাতে CBI করে, NIA করে, আপনাদের গ্রেফতার করে নিতে পারে ভোটের আগেই। ভোটাধিকার কেড়েছে। যেটুকু ভোট আছে, সেটাও যাবে।
