দিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে তৈরি হওয়া এলপিজির সঙ্কট সরাসরি প্রভাব ফেলেছে রান্নাঘরে। যার কারণে দেশের বহু শহরে বন্ধ হয়ে গেছে হোটেল-রেস্তোরাঁ। তালা ঝুলছে ফুটপাথের ছোটো ছোটো খাবারের দোকানে। শহরের পাশাপাশি বন্ধ হয়ে গেছে গ্রামের ছোটোখাটো হোটেলগুলোও। কাজ হারিয়েছেন বহু মানুষ। 

Continues below advertisement

গ্যাস সিলিন্ডার না পেয়ে বিকল্প হিসেবে মানুষ ঝুঁকেছে ইনডাকশনের দিকে। যার ফলে লাভবান হচ্ছে ই-কমার্স সংস্থাগুলো। একটি সূত্র মারফত জানা গেছে, মানুষ এই মুহূর্তে প্যাকেটজাত খাবার খাওয়ার দিকে ঝুঁকছে। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইন্ডিয়ার মতে, তাদের প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত খাবার, স্ন্যাকস এবং পানীয়ের মতো জিনিসগুলোর বিক্রি এক ধাক্কায় ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

অ্যামাজন ইন্ডিয়া জানিয়েছে, এই প্যাকেটজাত খাবার বিক্রির প্রবণতা শুধু বড় বড় মেট্রো শহরগুলিতে দেখা যাচ্ছে এমনটা কিন্তু একদমই নয়।  বরং হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরগুলির পাশাপাশি ছোটো ছোটো শহর ও গ্রাম গুলোতেও বিক্রির পরিমান বাড়ছে।  অ্যামাজন ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, "গত কয়েক সপ্তাহ ধরে, আমরা রেডি-টু-কনজিউম খাবারের চাহিদার ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করেছি, যেগুলি তৈরি করতে খুব কম সময় লাগে। ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত খাবার, স্ন্যাকস এবং পানীয়ের মতো খাবারগুলো প্রায় ১৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে।"

Continues below advertisement

উল্লেখ্য, রেডি-টু-কনজিউম খাবারের চাহিদা বৃদ্ধির পাশাপাশি খাবার তৈরির ক্ষেত্রে গ্যাসের বিকল্প হিসেবে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকেই ঝুঁকেছেন মানুষ। অনলাইন প্ল্যাটফর্মগুলি জানিয়েছে, মানুষের এই চাহিদার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতির বিক্রি প্রায় ২০ গুণ বেড়েছে। এই অবস্থায় গ্যাস কীভাবে সাশ্রয় করবেন তার জন্য BPCL- কিছু টিপস শেয়ার করে জানিয়েছে, এইগুলি মেনে চললে, এই সঙ্কটের সময়ে গ্যাস সাশ্রয় করতে পারবেন গৃহস্থ ও গ্রাহকরা। 

১.  BPCL-এর দাবি, রান্নার গ্যাস সাশ্রয় করার ক্ষেত্রে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করুন। ২. BPCL -এর দাবি, অল্প আঁচে রান্না করলে ২৫ শতাংশ পর্যন্ত এলপিজি সঞ্চয় করা যাবে। ৩. গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাড়িতে একটি বৈদ্যুতিক ইন্ডাকশন স্টোভ রাখুন। চেষ্টা করুন এতে রান্না করার। ৪. চাল হোক বা ডাল, রান্নার ৩০ থেকে ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখুন। এই পদ্ধতিতে খুব অল্প সময়ে সেদ্ধ ও রান্না করতে পারবেন। ৫. কড়াইতে রান্নার সময় সব সময় চাপা দিয়ে রান্না করুন। এতে সেদ্ধ তাড়াতাড়ি হয়। ফলে আপনি গ্যাস সাশ্রয় করতে পারবেন।