উত্তরপ্রদেশ: ঘুরতে এসেছিলেন বৃন্দাবন। নৌকায় চেপে ‘রাধে রাধে’ বলে ভজন গাইছেন সকলে। কিন্তু এই আনন্দ হঠাৎ বদলাল বিষাদে। উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় স্তম্ভিত সকলে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ৩টে নাগাদ। বৃন্দাবনের যমুনা নদীর তীরে অবস্থিত কেশী ঘাটের কাছে নৌকাডুবির ঘটনা ঘটে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর, এখনও নিখোঁজ বহু। সকলেই পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, লুধিয়ানা থেকে অন্তত ৩০ জনের একটি দল ঘুরতে আসেন বৃন্দাবন। যমুনা নদীতে ভ্রমণের জন্য তাঁরা দুটো নৌকা ভাড়া করেন। নদীতে ভ্রমণের সময় সম্ভবত যমুনার ওপর ভাসমান পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে যায়। তখনই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ১৫ জনের মতো পর্যটককে বাঁচানো গেলেও মৃত্যু হয়েছে ১০ জনের। নিখোঁজ বহু।

তবে, এই ভয়াবহ ঘটনার আগের ও পরের মুহূর্তের চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, প্রয়োজনের বেশি মানুষ নৌকায় বসে ও দাঁড়িয়ে আছেন। একেবারে ভিড়ে ঠাসা। কোনও যাত্রীদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট। ‘রাধে রাধে’ বলে ভজনও গাইছেন তাঁরা। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর স্রোতের টানে ভেসে যাচ্ছেন যাত্রীরা। কেউ কেউ ভেসে থাকার চেষ্টা করলেও হাবুডুবু খাচ্ছেন।

Continues below advertisement