মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই এল স্বস্তির খবর।  ডেডলাইন শেষ হওয়ার আগেই আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের জন্য সংঘর্ষবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গেল। 

Continues below advertisement

অপরিশোধিত তেলের দামে বড় পতন

বুধবার লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিরাট কমে যায়। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩.৬% কমে ব্যারেল প্রতি এখন ৯৪.৪৩ ডলার। মার্কিন West Texas Intermediate (WTI) ক্রুডের দাম ১৪% এর বেশি কমে গিয়েছে। এখন দাম ৯৬.৮২ ডলার। অপরিশোধিত তেলের দামে এই পতন ঘটে ট্রাম্প ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির কথা ঘোষণা করার পরপরই।  দাবি সংবাদসংস্থা রয়টার্স ( Reuters )সূত্রে। 

Continues below advertisement

হরমুজ প্রণালী ঘিরে স্বস্তি

 তেহরান হরমুজ খুলবে, এই শর্তেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে আমেরিকা, দাবি করেছেন ট্রাম্প।  ইরানের তরফে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে। এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে, কারণ বিশ্ব তেল সরবরাহের বড় অংশই এই পথের উপর নির্ভরশীল।   ইরানের ১০ দফা দাবি নিয়েও এখন আলোচনায় রাজি আমেরিকা। বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় ২০% এই পথ দিয়ে হয়, ফলে এখানে কোনও অস্থিরতা তৈরি হলেই বাজারে বড় প্রভাব পড়ে। যুদ্ধবিরতির ঘোষণার ফলে এই প্রণালী দিয়ে তেল সরবরাহে যে জট তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে।  

কমছে তেলের দাম, চাঙ্গা বাজার 

সংঘর্ষবিরতির পরেই ১০০ ডলারের নীচে নেমেছে অপরিশোধিত তেলের দাম। জাপান থেকে দক্ষিণ কোরিয়া, সব জায়গায় তেজি হয়েছে শেয়ারবাজার। বাজার চাঙ্গা হওযার অপেক্ষায় রয়েছে ভারতেও।

ট্রাম্পের কড়া বার্তা

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ একাধিক পোস্টে করেছেন ট্রাম্প । এই চুক্তিকে তিনি “দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি” হিসেবে উল্লেখ করেছেন। সঙ্গে  স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতি শর্তসাপেক্ষ—ইরানকে হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, শর্ত না মানলে “আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে”—যা পরিস্থিতির গুরুত্বই আরও বাড়িয়ে দেয়।

বাজারে দ্রুত প্রভাব

বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত পেতেই তেলের বাজার খুব দ্রুত প্রভাব পড়ে। এখন নজর থাকবে—এই সাময়িক যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় এবং হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে।