ইসলামাবাদ : ফের বিস্ফোরণ পাকিস্তানে। ইসলামাবাদের মসজিদে জোরাল আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত ১৬৯। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবার্গা মাজারে বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে আত্মঘাতী বোমাডু। তারপরেই এই ঘটনা।
পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিকেলের দিকে শিয়া মসজিদের প্রধান ফটকে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা আধিকারিকদের উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইসলামাবাদের রিপোর্ট, মনে হচ্ছে হামলাকারীকে প্রবেশপথে গার্ডরা থামিয়ে দিয়েছিল, মূল হল যেখানে নমাজের জন্য জড়ো হয়েছিলেন সকলে, সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। বিস্ফোরণের সময়কার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেই অনুযায়ী, বিস্ফোরণের জেরে মসজিদের গেটের ব্যাপক ক্ষতি হয়। আশপাশের বাড়ির ভাঙা জানালা, রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। এমনকী একাধিক ভিডিওয় মৃতদেহ, যাদের অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।