নয়াদিল্লি: বিমানবন্দরে মুখোমুখি ধাক্কা দুই বিমানের। উড়ান পরিষেবাকে ঘিরে অচলাবস্থার মধ্যেই বড় ঘটনা আমেরিকায়। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। যাত্রীভর্তি বিমানের সঙ্গে কার্গো বিমানের ধাক্কা লাগে। (Planes Collide)
স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাত সওয়া ৯টা নাগাদ ট্যাক্সিওয়েতে ধাক্কা লাগে দুই বিমানের। UPS Boeing 767 মায়ামি থেকে কলম্বিয়ার বোগোটা যাচ্ছিল। অন্য দিকে, Copa Airlines Boeing 737 বিমানটি ফিরছিল পানামা সিটি থেকে। (Plane Accident News)
সেই সময়ই ট্যাক্সিওয়েতে ধাক্কা লাগে দুই বিমানের। ওই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর বিমান দু’টি ট্যাক্সিওয়েতেই দাঁড় করানো রয়েছে। তবে তাতে উড়ান পরিষেবায় কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের ডিরেক্টর গ্রেগ চিন।
আরও পড়ুন: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Copa Airlines Boeing 737 বিমানটিতে ১৬৬ জন যাত্রী সওয়ার ছিলেন। বিমানকর্মী ছিলেন ছ'জন। দুই যাত্রী আহত হয়েছেন বলে খবর। বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁদের। একটুর জন্য বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিমান সংস্থার তরফে বলা হয়, "অসুবিধার জন্য দুঃখিত আমরা। এই ধরনের ঘটনা কাম্য নয়। যাত্রীদের সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তে সবরকম সহযোগিতা করব আমরা।"
দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলস থেকে যে অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, তাতে Copa Airlines Boeing 737 বিমানের পাইলটকে বলতে শোনা যায়, "কেউ ধাক্কা মারল আমাদের।" UPS Boeing 767 বিমানের পাইলটকে প্রশ্ন করলে তিনি বলেন, "হ্যাঁ, বেশিই এগিয়ে গিয়েছিলান আমরা।" Copa Airlines Boeing 737 বিমানের পাইলট জানান, তাঁদের বিমানের বাঁ দিকের উইংটিপ ভেঙে গিয়েছে। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামেন এসেছে, তাতেও একটি বিমানের নাক এবং তার পাশের অংশ ভেঙে তুবড়ে যাওয়া অবস্থায় দেখা গিয়েছে।
