নয়াদিল্লি: গরমে ফুটছে সারা দেশ। দেশের উত্তরভাগ, পশ্চিমের রাজ্যগুলির অবস্থা ভয়াবহ। ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্ক করেছে , আগামী ৪-৫ দিনে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলবে। আগামী ৩-৪ দিন তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার লাল সতর্কতা জারি করেছে IMD ।  আইএমডি বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে।  এই পরিস্থিতিতে দেশবাসীকে বিশেষ ভাবে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে তাপজনিত নানারকম অসুবিধাও বাড়ছে। আমি দেশবাসীকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে শরীরকে আর্দ্র রাখুন এবং বাড়ি থেকে বের হওয়ার সময় জল সঙ্গে রাখুন। এমন আবহাওয়ায় আপনার সংবেদনশীলতাও একটি অন্য মানুষের সহায়ক হয়ে ওঠে। সম্ভব হলে, কোনও তৃষ্ণার্ত ব্যক্তিকে এক গ্লাস জল  দিন। আমি তাঁদেরও প্রশংসা করি যাঁরা নিজেদের  বাড়ি এবং দোকানের বাইরে জলের পাত্র রাখেন যাতে যে কেউ তা থেকে জল খেতে পারেন। 

Continues below advertisement

প্রচণ্ড গরম থেকে যদি কারও অস্বস্তি, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব বা অতিরিক্ত ক্লান্তি বোধ হয়, উপেক্ষা করবেন না। আপনার আশেপাশে কেউ হঠাৎ দুর্বল হয়ে পড়লে, অসুস্থ হলে বা অসুস্থ বোধ করলে, অবিলম্বে তাঁকে একটি শীতল ও ছায়া আছে এমন জায়গায় নিয়ে যান। আরাম দেওয়ার জন্য তাকে জল, ওআরএস বা অন্যান্য তরল দিন। শিশু, বয়স্ক এবং যাঁরা রোদে কাজ করেন তাঁরা এই তীব্র গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সময়মতো ব্যবস্থা না নিলে, এই অবস্থা হিটস্ট্রোকের মতো গুরুতর সমস্যায় পরিণত হতে পারে। এমন সময়ে আপনার সতর্কতা এবং যত্ন একটি জীবন বাঁচাতে পারে।

যখনই সম্ভব, আপনার বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা / দাদু-দিদা এবং অন্যান্য প্রিয়জনদের ফোন করে তাদের কুশল জানতে চান। তাদের প্রচুর পরিমাণে জল খেতে বলুন।  প্রখর দুপুরে বাইরে যাওয়া এড়াতে এবং যথাসম্ভব বিশ্রাম নিতে পরামর্শ দিন। এই প্রচণ্ড গরমে আমাদের চারপাশের পশুপাখিদের কথা ভুলে গেলে চলবে না। আপনার বাড়ি, বারান্দা, ছাদ, দোকান বা অফিসের বাইরে একটি ছোট জলের পাত্র রাখলেও তা একটি তৃষ্ণার্ত পাখির জন্য জীবনদায়ী হতে পারে। আসুন এই কঠিন সময়ে আমরা পরম সংবেদনশীলতা ও সহানুভূতির সাথে একে অপরের যত্ন নিই।' 

Continues below advertisement

আগামী কয়েকদিনের জন্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে  রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের কিছু অংশে।  আইএমডিও সতর্ক করেছে,এইরকম পরিস্থিতিতে  তাপজনিত অসুস্থতা নিয়ে সতর্ক থাকা জরুরি।  বিশেষ করে যারা দীর্ঘক্ষণ ধরে গরমে থাকেন বা বাইরে ভারী কাজ করেন, তাঁদের বেশ করে সতর্ক থাকতে হবে।