রাজ্য বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। নতুন স্পিকারকে স্বাগত জানান আগের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী বিধায়করাও তাঁকে শুভেচ্ছা জানান। স্পিকার নির্বাচনের পর বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন, তিনি গঠনমূলক বিরোধিতা চান এবং বিধানসভা কখনও মারামারি বা সংঘর্ষের জায়গা হতে পারে না। বিরোধী সদস্যদের আরও বেশি করে কথা বলার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Continues below advertisement

বক্তব্যের শুরুতেই তৃণমূলকে কটাক্ষ তাপস রায়ের

স্পিকার নির্বাচনের পর সদনে বক্তব্য রাখেন বিজেপির প্রবীণ নেতা Tapas Roy। বক্তব্যের শুরুতেই তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলেন, “দেখো দেখো, অনেক তো করেছ, এবার কি দেখতে খারাপ লাগছে না কি!” তাঁর এই মন্তব্যে মুহূর্তে সরগরম হয়ে ওঠে বিধানসভা।

‘২০২৬ সালের নির্বাচন ছিল ধর্মযুদ্ধ’

নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে তাপস রায় বলেন, “মাননীয় স্পিকার মহোদয়, দেশের প্রাচীনতম এই পবিত্র হাউসের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই।” এরপরই তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ‘ধর্মযুদ্ধ’ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “এই নির্বাচন কোনও সাধারণ নির্বাচন ছিল না। শুধুমাত্র সরকার গঠন বা নির্বাচিত হয়ে আসার নির্বাচন ছিল না। এটা ছিল ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে যাঁরা জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন জানাই।”

Continues below advertisement

‘দেশবিরোধী স্লোগান বন্ধ করতে হবে’

তাপস রায় বলেন, বিধানসভার ভিতরে কোনও দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী স্লোগান চলতে দেওয়া উচিত নয়। আইন করে এই ধরনের স্লোগান বন্ধ করার দাবিও তোলেন তিনি। তাঁর দাবি, “পশ্চিমবঙ্গ পাপমুক্ত হয়েছে, শাপমুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ ভয়মুক্ত হয়েছে।”

পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তৃণমূলকে নিশানা

বিরোধী দলনেতা Shovandeb Chattopadhyay-কে উদ্দেশ্য করে তাপস রায় অভিযোগ করেন, অতীতে বিজেপি প্রার্থীদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আজ পোস্ট পোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে! নির্লজ্জ, বেহায়া না হলে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে এরা!”

তাঁর আরও দাবি, তৃণমূল ফের ক্ষমতায় ফিরলে রাজ্যে ব্যাপক রক্তপাত হত এবং বিজেপি কর্মী-সমর্থকদের ঘরছাড়া হতে হত। তাপস রায়ের কথায়, “আজ বিজেপি কর্মীদের ১৫০-২০০ লাশ গুনতে হত , যদি এরা আবার সরকারে ফিরে আসত।”

‘আমার নাম থাকলে জেলে পাঠিয়ে দেবেন’

পোস্ট পোল ভায়োলেন্স প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “আমার নাম যদি কোনও পোস্ট পোল ভায়োলেন্সে থেকে থাকে, আমাকে জেলে পাঠিয়ে দেবেন।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

‘জয় শ্রীরাম’ ধ্বনিতে শেষ বক্তব্য

শেষে “জয় শ্রীরাম” এবং “ভারতমাতার জয়” ধ্বনি দিয়ে নিজের বক্তব্য শেষ করেন তাপস রায়। তাঁর বক্তব্য ঘিরে বিধানসভায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়।