নয়াদিল্লি: ফোন ছিনতাই করে পালাচ্ছিল চোর। চোরের পিছনে দৌড়তে গিয়ে ট্রেনের নীচে চাপা পড়লেন যুবক। রেললাইন ধরে চোরকে ধাওয়া করছিলেন তিনি। সেই সময়ই দ্রুতগতিতে ছুটে এসে তাঁকে চাপা দিয়ে দেয় ট্রেন। (Man Mowed Down by Train)

Continues below advertisement

উত্তরপূর্ব দিল্লির শাহদরা রেলস্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। রেল পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টে বেজে ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ৩ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রেললাইনে ওই যুবককে চাপা দেয় একটি ট্রেন। পুরনো দিল্লি থানায় সেই মর্মে রিপোর্ট লেখা হয়েছে। (Delhi News)

নিহত যুবককে ২২ বছর বয়সি রোহিত কুমার নামে শনাক্ত করা গিয়েছে। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৩ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন রোহিত। সেই সময় তাঁর ফোনটি ছিনতাই করে পালায় একজন। আগুপিছু না ভেবে ছিনতাইকারীর পিছনে দৌড়তে শুরু করেন রোহিত। রেললাইন ধরেই ছুটতে শুরু করেন। 

Continues below advertisement

কিন্তু সেই সময় যে ১৫০৩৫ দিল্লি-কাঠগুদাম এক্সপ্রেস এসে পড়েছে, তা বুঝতে পারেননি রোহিত। ট্রেনটি চাপা দিয়ে দেয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের একটি টিম। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইউনিটও এসে পৌঁছয় সেখানে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা। 

রেললাইনের উপর থেকে রোহিতের দেহটি উদ্ধার করে অরুণা আসফ আলি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে এই মুহূর্তে। তাকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে। ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। 

উত্তরপ্রদেশের বাসিন্দা রোহিত রাজীব গাঁধী ক্যান্সার হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্ল্যাটফর্মে তাঁর ফোনটি আচমকাই ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী।