নয়াদিল্লি: রেকর্ড দামে বিক্রি হল ভিনসেন্ট ভ্যান গখের আঁঁকা ছবি। নিলামে দাম উঠেছিল ১৯০.৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ১ হাজার ৭৭৬ কোটি টাকা প্রায়। এত দামে আগে কখনও ভ্যান গখের কোনও ছবি বিক্রি হয়নি। (Vincent van Gogh Painting Auctioned)
আমেরিকার নিউইর্কে Sotheby’s নিলামে ১ হাজার ৭৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে ভ্যান গখের আঁকা ‘শাতেনিয়ে অঁ ফ্লোর’ বা ‘চেস্টনাট ট্রি ইন ব্লসম’ ছবিটি। অর্ধ শতকেরও বেশি সময় ছবিটির মালিকানা ছিল ব্লাকিয়ের-অরিয়েতা পরিবারের হাতে। তার আগে, জার্মান ইহুদি প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিসে সেটি সংগ্রহ করেছিলেন। (Chestnut Trees in Blossom)
১৯৩৬ সালে নাৎজি শাসনের সময় ছবিটি হাতবদল হয়। ছবিটি বিক্রি করে দেয় ফিশারের পরিবার। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল এতদিন। বিবাদের নিষ্পত্তি হতেই নিলামে তোলা হয় ছবিটিকে। আর তাতেই রেকর্ড দামে বিক্রি হল
জানা যায়, সাঁ-রেমি-দা-প্রোভঁস থেকে ওভের-সুর-ওয়জে চলে আসেন ভ্যান গখ। ওভের-সুর-ওয়জ প্যারিসের উপকণ্ঠে অবস্থিত একটি জায়গা। সেখানে মানসিক স্বাস্থ্য়ের চিকিৎসা চলছিল তাঁর। ভাই থিও-র সান্নিধ্য পেতেই সেখানে চলে আসেন ভ্যান গখ। ভাই থিও-র আর্থিক সঙ্কট, নিজের অসুস্থতা নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থাতেও গ্রামজীবনের সৌন্দর্য, স্নিগ্ধতা দেখে মুগ্ধ হন, যা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন ক্যানভাসে।
Sotheby’s জানিয়েছে, শিল্পীর জীবনের শেষ দুই মাসের সৃজনশীল সময়কালের চিহ্ন ছবিটি। ওই সময়ের গুরুত্বপূর্ণ শিল্পকর্মের মধ্যে অন্যতম। যদিও এই নিলামের বিরোধ চরম আকার ধারণ করেছিল। ফিশারের পরিবারের দাবি ছিল, নাৎজিদের অত্য়াচারের কবলে পড়ে, চরম সঙ্কটে পড়ে ছবিটি বিক্রি করতে বাধ্য হয়েছিল তারা। অন্য দিকে, ছবির উপর নিজেদের মালিকানা দাবি করে ব্লাকিয়ের-অরিয়েতা পরিবার।
তবে শেষ পর্যন্ত দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে Sotheby’s. তাদের দাবি, নাৎজ়িদের নিধনযজ্ঞে ফিশার পরিবারের কী অবস্থা হয়েছে, তা অনুধাবন করেছে ব্লাকিয়ের-অরিয়েতা পরিবার। সেই মতোই সমঝোতা হয়েছে।
এর আগে, ২০২২ সালে ভ্যান গখের আঁকা ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ ছবিটি ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ওই ছবিটি নিলাম করে নিউইর্কের Christie’s.
ভ্যান গখের আঁকা সবচেয়ে দামি চিত্রকর্মের আগের রেকর্ডটি ছিল তাঁর ১৮৮৮ সালে আঁকা ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ (Orchard with Cypresses)-এর দখলে, যা ২০২২ সালে নিউ ইয়র্কে ক্রিস্টি’স (Christie’s)-এর নিলামে ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
আরও পড়ুন: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
