Bihar Woman Climbs Mobile Tower: বিহারের গোপালগঞ্জ (Gopalganj) জেলায় ভোরে থানার অন্তর্গত বানকাটা গ্রামে ঘটল অদ্ভুত নাটকীয় এক ঘটনা। নিজের প্রেমিকের জন্য মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক তরুণী। জানা যাচ্ছে, তাঁর প্রেমিক গ্রেফতার হয়েছে। আর এই কারণে প্রেমিকের মুক্তির দাবিতে তরতর করে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন সেই তরুণী। ঘটনায় রীতিমতো রে রে পড়ে গিয়েছে এলাকায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে ব্যাপক ভিড় ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে, একটি পুরনো মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই তরুণীর প্রেমিককে গ্রেফতার করে। প্রেমিকের গ্রেফতারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই তরুণী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। কী করবেন ভেবে না পেয়ে গ্রামের কাছাকাছি থাকা একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন তিনি। টাওয়ারের ওপর থেকে জনসাধারণের জন্য ঘোষণা করেন, যতক্ষণ না তাঁর প্রেমিককে মুক্তি দেওয়া হবে ততক্ষণ তিনি সেখান থেকে নামবেন না। এ যেন সেই কালজয়ী ছবি 'শোলে'-র বীরু। তরুণীর এই কাণ্ড দেখে হুলস্থূল পড়ে যায় এলাকায়। আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাটি দেখতে ভিড় জমাতে শুরু করেন।
ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ তাঁকে মোবাইল টাওয়ার থেকে নেমে আসার জন্য কাকুতিমিনতি করতে থাকেন। তাঁকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান অনেকেই। আবার কেউ কেউ সেসব ছেড়ে পুরো ঘটনাটি নিজেদের মোবাইলে ক্যামেরাবন্দি করতে শুরু করে দেন। আগুনের মতো হু হু করে ছড়াতে থাকে এই খবর। এরপর ঘটনাস্থলে আসে ভোরে থানার পুলিশ। এসে প্রথমেই তরুণীকে শান্ত করার চেষ্টা করে। তাঁকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টাও করা হয়। কিন্তু সেই সব চেষ্টাই বিফলে যায়। টাওয়ার থেকে নেমে আসা তো দূর, সেই তরুণী তাঁর প্রেমিকের মুক্তির দাবিতে অনড় থাকেন।
কোনওভাবেই সফল হওয়া যাচ্ছে না দেখে এবার এক মোক্ষম চাল চালে পুলিশ (Police)। পরিস্থিতি শান্ত করে তরুণীকে মোবাইল টাওয়ার থেকে নামানোর লক্ষ্যে পুলিশ গ্রেফতার হওয়া ওই যুবককে ঘটনাস্থলে নিয়ে আসে। কিন্তু সে গুড়ে বালি। কিছুতেই চিড়ে ভেজে না। নিজের দাবিতে অনড় সেই তরুণী। পুলিশের পাশাপাশি তাঁর পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চালিয়ে যায়। এই মুহূর্তে তরুণীটির নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।