পটনা: রেললাইন, রেলব্রিজ চুরির নজির রয়েছে। এবার আস্ত মোবাইল টাওয়ার চুরি গেল। ফের খবরের শিরোনামে উঠে এল বিহার। রাতারাতি ১৩২ ফুট উঁচু মোবাইল টাওয়ার চুরি হয়ে গিয়েছে সেখানে। এত দক্ষ হাতে গোটা কার্য সম্পন্ন হয়েছে যে, টাওয়ারের চিহ্নমাত্রও পড়ে নেই। (Bihar Mobile Tower Stolen)

Continues below advertisement

বিহারের বক্সার জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার ডুমরাওঁতে সুউচ্চ মোবাইল টাওয়ারটি বসানো ছিল। সেই টাওয়ারও নেই এখন। নেই 15 KVA জেনারেটর, অন্য সাজ-সরঞ্জামও। জায়গাটি এখন যে অবস্থায় পড়ে রয়েছে, মোবাইল টাওয়ার ছিল বলে মনেই হবে না। কী করে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছেন না অনেকেই। (Mobile Tower Missing in Bihar)

জানা গিয়েছে, ওই টাওয়ারটিতে কিছু সমস্যা ছিল। দীর্ঘদিন সেই অবস্থাতেই পড়েছিল। সম্প্রতি মেরামতি করতে পৌঁছন GTL Infrastructure-এর কর্মীরা। কিন্তু টাওয়ারের জায়গায় পৌঁছে ভিরমি খান সকলে। দেখেন, আস্ত টাওয়ারটিই গায়েব হয়ে গিয়েছে। কোনও চিহ্নমাত্র পড়ে নেই সেটির। অন্য যে সব যন্ত্রপাতি ছিল, কিচ্ছুটি পড়ে নেই।

Continues below advertisement

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত শিশুকে ফর্মালিন ইঞ্জেকশন, বেঘোরে মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা AIIMS-এ

সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানান  GTL Infrastructure-এর কর্মীরা। ডুমরাওঁ থানায় অভিযোগ দায়ের করেন। টাওয়ার চুরি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বক্সারের এসপি শুভম আর্য জানান, টাওয়ার চুরি যাওয়ার অভিযোগ পেয়েছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে জায়গায় টাওয়ারটি বসানো ছিল, সেটি বসতি এলাকা। অত বড় টাওয়ার চুরির বিষয়টি কী করে এলাকাবাসীর নজরে পড়ল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: গাছের শরীরে জোনাকির জিন, বিদ্যুৎ ছাড়াই আলো পাবে পৃথিবী, বিজ্ঞানের নয়া সৃষ্টি

যে ব্যক্তির জমিতে টাওয়ারটি বসানো হয়েছিল, সংযুক্ত আরও অনেককে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। জমির মালিক হরেন্দ্র যাদব জানিয়েছেন, ১০ বছর আগে টাওয়ার বসানোর চুক্তি হয়েছিল। ২০২২ সালে চুক্তির মেয়াদ পেরিয়ে যায়। টাকা দেওয়া বন্ধ করে দেয় ওই সংস্থা। বার বার নোটিস দেওয়ার পরও কোনও সাড়াশব্দ মেলেনি। এখন টাওয়ার চুরির খবর পাচ্ছেন।

বিষয়টি সামনে আসার পর হতভম্ব নেটিজেনদের অনেকেও। তবে বিহারে এই প্রথম এমন ঘটনা ঘটল না। এর আগে, রোহতাসে নদীর উপর থেকে লোহার রেলব্রিজের বেশ কিছু অংশটা গায়েব হয়ে গিয়েছিল। ইংরেজ আমলে তৈরি রেলব্রিজটির ওজন ছিল ৫০০ টন, দৈর্ঘ্য ছিল ৬০ ফুট। ২০২২ সালে সেটির বেশ কিছু অংশটা চুরি যায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আবার সমস্তিপুরে ২ কিলোমিটার দীর্ঘ রেললাইন চুরি হয়ে যায়। সেই নিয়ে মামলা হলেও আজও তার নিষ্পত্তি হয়নি।