কলকাতা: বেড়াতে গিয়েও গুটখা চিবোচ্ছিলেন। কিন্তু পিক ফেলতেই বিপাকে পড়লেন। ভারতীয় পর্যটকদের ধরে রাস্তা সাফ করালেন নেপালের এক স্থানীয় বাসিন্দা। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “এটা ভারত নয় ভাই। এটা নেপাল। জলদি জল ঢালো। (Viral Video)
জানা গিয়েছে, নেপাল বেড়াতে গিয়ে গাড়ি ভাড়া করেছিলেন একদল ভারতীয় পর্যটক। সেই গাড়িতে চেপে যাওয়ার সময় জানলা দিয়ে মুখ বাড়িয়ে রাস্তায় গুটখার পিক ফেলেন একজন। ওই দৃশ্য দেখেই ছুটে আসেন স্থানীয় এক বাসিন্দা। গাড়ি দাঁড় করিয়ে ভারতীয় পর্যটককে নামতে বলেন তিনি। পরিষ্কার রাস্তায় গুটখার পিক ফেললেন কেন, জানতে চান। (Spitting Gutka)
সেই নিয়ে বচসা শুরু হলে গাড়ি থেকে অন্যরাও নেমে আসেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যিনি গুটখার পিক ফেলেছিলেন, তাঁর হয়ে অন্য একজন ক্ষমা চাইতে শুরু করেন। তবে নেপালের স্থানীয় ওই বাসিন্দা পরিষ্কার জানান, যিনি গুটখার পিক ফেলেছেন, তাঁকেই ধুয়ে সাফ করতে হবে। সেই মতো জলের বোতল নিয়ে এগিয়ে যান ভারতীয় যুবক। জল ঢেলে গুটখার পিক ধুয়ে দেন।
গোটা ঘটনা ক্য়ামেরাবন্দি করেন নেপালের স্থানীয় ওই বাসিন্দা। ভারতের মতো বড় দেশ থেকে এসে, অন্য দেশ নোংরা করা নিয়ে ভারতীয় যুবককে কটাক্ষ করেন তিনি। বলেন, “আপনারা বারত থেকে এসেছেন। অত বড় দেশ থেকে এসে এখানটা নোংরা করে দিলেন।” মুখে ‘সরি’ না বলে ভাল করে পিক ধুয়ে দিতেও বলতে শোনা যায় তাঁকে।
সোশ্য়াল মিডিয়ায় ওই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। গোটা ঘটনায় ভারতীয় পর্যটকদেরই দুষেছেন অনেকে। পরিষ্কার-পরিচ্ছন্ন,সাজানো জায়গায় গুটখার পিক ফেলা নিয়ে তাঁদের তীব্র সমালোচনা করেছেন তাঁরা। একজন লেখেন, 'সরকার যদি পান, তামাক, মদ নিষিদ্ধ করে, তাহলেই ভারতীয়দের আচরণে ৯৫ শতাংশ পরিবর্তন চোখে পড়বে'। বিভিন্ন দেশে ভারতীয়দের আচরণ যে বার বার প্রশ্নের মুখে পড়েছে, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন অনেকে।
অনেকে আবার একজনের জন্য সব ভারতীয়কে এক আসনে বসানোর বিরোধিতা করেছেন। ক্ষমা চাওয়ার পরও কেন ‘ভারত বিদ্বেষী’ মন্তব্য করা হল, প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একজন লেখেন, 'নেপালের লোকজন আমাদের দেশে এসে থাকেন, রোজগার করেন। আমরা আপনাদের অশ্রদ্ধা করি না। হ্যাঁ, ওরা ভুল করেছে। কিন্তু ক্ষমা চাইছে। তার পরই ইচ্ছাকৃত ভাবে গোটা দেশকে দোষারোপ করা হচ্ছে। এতে ঘৃণাই ফুটে উঠছে'। যদিও নেপালের ওই বাসিন্দাকে সমর্থনও করেছেন অনেকে। তাঁদের মতে নিজের দেশকে ভালবাসেন, তাই বিষয়টি ভাল ভাবে নেননি তিনি।
