অবাক কাণ্ড ! চলন্ত ট্রেনের মধ্যেই পুজো করছেন পুরোহিত । যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 'হানিমুন কোচ'-এর পর এবার ভাইরাল 'চলন্ত ট্রেনে পুজোর' ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। যা নিয়ে এবার প্রতিক্রিয়া দিল নর্দার্ন রেল। 

Continues below advertisement

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার হওয়ার পর এনিয়ে আলোচনা শুরু হয়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনের কোচের মেঝেয় বসে পুজো করছেন এক পুরোহিত। আশপাশে সাদা পোশাক পরিহিত ভক্তরা বসে তাতে শামিল হয়েছেন। চলন্ত ট্রেনের মধ্যেই এই প্রক্রিয়াটা চলতে থাকে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এনিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জন্মায়। 

যেহেতু পরিস্থিতি হু হু করে ভাইরাল হতে থাকে, তাই এনিয়ে মধ্যস্থতা করে নর্দার্ন রেল। কোন পরিস্থিতিতে এই অনুষ্ঠান তার ব্যাখ্যা দেয় তারা। রেল জানায়, অনুষ্ঠানটি সাধারণ কোনও যাত্রী-কোচে নয়, বরং ব্যক্তিগতভাবে ভাড়া করা একটি স্যালন-কারে অনুষ্ঠিত হয়েছে।

Continues below advertisement

এক বিবৃতিতে রেলওয়ে জানিয়েছে যে, সংশ্লিষ্ট পক্ষ ৩,০৮,৫৮০ টাকা অগ্রিম জমা দেওয়ার পর ৮ জুলাই আইআরসিটিসি (IRCTC)-র মাধ্যমে ওই স্যালন কোচটি বাণিজ্যিকভাবে বুক করেছিল। ১০ জুলাই নয়াদিল্লি (NDLS) থেকে মুম্বই (BDTS) পর্যন্ত একমুখী যাত্রার জন্য ট্রেন নম্বর ১২৯২৬ ‘পশ্চিম এক্সপ্রেস’-এর সঙ্গে কোচটি যুক্ত করার কথা ছিল। আরও স্পষ্ট করে জানানো হয়, নর্দার্ন রেলওয়ে ১০ জুলাই স্যালন কোচটির বাণিজ্যিক চলাচলের অনুমতি দিয়েছিল।

রেল আরও জানিয়েছে, 'যাত্রীদের সময়ানুবর্তিতা, নিরাপত্তা, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার মূল দায়িত্ব ও কর্তব্য কোনও রকম আপস ছাড়াই রেলওয়ের ওপর ন্যস্ত। এই ঘটনায় কেউ আহত হননি। একটি পক্ষের ভাড়া করা স্যালন কারে পুরোহিতকে অভিষেক অনুষ্ঠান করতে দেখা গেছে।'

এই ব্যাখ্যার কারণে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটল যাতে বলা হয় যে এই অনুষ্ঠানের কারণে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে বা সহযাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। কারণ, অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল ওই দলের জন্য বিশেষভাবে সংরক্ষিত একটি কামরায়।

যদিও তারপরেও এনিয়ে চর্চা থামেনি সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনেকে বিস্ময় প্রকাশ করেন যে, এই অনুষ্ঠানের জন্য পুরো একটা স্যালন কোচ এভাবে বুক করা যায় ! কেউ কেউ আবার ব্যাখ্যার গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন যে, অনুষ্ঠানটি সাধারণ কোনও কামরায় নয়, বরং বাণিজ্যিকভাবে সংরক্ষিত একটি বগিতে আয়োজন করা হয়েছিল।