গ্বালিয়র: ‘বিশ্বার রাখি ঠোঁটে ঠোঁটে রেখে মরে যাওয়া ভালবেসে…বিশ্বাস রাখি চুমুতে’, লিখেছিলেন কবীর সুমন। কিন্তু প্রেমিকার চুমুতে বিশ্বাস রাখতে গিয়ে প্রেমিকের পকেট থেকে বেরিয়ে গেল কড়কড়ে নোট। সাদা গাড়িতে লাল লিপস্টিকের নিশান দেখে চালান কাটাল পুলিশ। সেই গাড়ির ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ একটি বা দু’টি নয়, ৩৪০০টি চুমুর নিশান রয়েছে গাড়িটিতে। লিপস্টিক মাখা ঠোঁটের ছোঁয়ায় সাদা গাড়ি হয়ে উঠেছে একেবারে লালে লাল। (Viral Kissing Car)
মধ্যপ্রদেশের গ্বালিয়রের ‘গোলা কা মন্দির’ ট্রাফিক থানা এলাকার ঘটনা। গাড়িময় চুমুর নিশান দেখে হতবাক হয়ে যায় পুলিশ। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দরুণ গাড়িটিকে দাঁড় করানো হয়। কিন্তু কাছে যেতেই হতবাক হয়ে যায় পুলিশ। দেখা যায়, সাদা গাড়িটির শরীর জুড়ে লাল লিপস্টিকের দাগ। যত্ন সহকারে হাজার হাজার চুমু এঁকে দেওয়া হয়েছে গাড়িটিতে। শুধু পুলিশই নয়, গাড়ির চেহারা দেখে হতবাক হয়ে যান পথচারীরাও। শেষ পর্যন্ত ৫৫০০ টাকার চালান কাটে পুলিশ। (Gwalior Kissing Car)
আরও পড়ুন: বিজেপি-র নেতা-কর্মীদের খোলা চিঠি শমীক ভট্টাচার্যের, তোলাবাজির অভিযোগ নিয়ে বললেন, 'দল দায় নেবে না...'
অনেকেই গাড়িটির ছবি তুলতে শুরু করেন। ভিডিও রেকর্ডিংও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবি এবং ভিডিওগুলি। অনেকেই ওই গাড়িটিকে ‘কিসিং কার’ বলছেন। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্যই যদিও গাড়িটিকে আটকানো হয়েছিল। কিন্তু চুমুর নিশানই গাড়িটিকে ভাইরাল করে তুলেছে। গাড়িতে অত চুমুর নিশান এল কোথা থেকে, তার কাহিনি জেনে আরও হতবাক সকলে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গ্বালিয়রের বাসিন্দা আদিত্য শিকারওয়াল। প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্য়াল মিডিয়া ট্রেন্ড ফলো করতেই গাড়িটিতে চুমু এঁকে দেন ওই তরুণী। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গুনে গুনে ৩৪০০টি চুমুর নিশান আঁকেন তিনি গাড়িটিতে। গাড়ির দরজা, বনেট, বুট, পিলার-সবেতেই ঠোঁট ছুঁইয়ে দেন। ফলে সাদা গাড়ি আর গাড়ি ছিল না, জীবন্ত ক্যানভাস হয়ে ওঠে। ইনস্টাগ্রামে গাড়ির ওই ভিডিও প্রথম দিনেই ৫৫ লক্ষের বেশি ভিউ পায়।
আরও পড়ুন: Modi-Trump Press Conference: প্রেস কনফারেন্স করতে চাননি মোদি? দাবি আমেরিকার, ভারত বলল…
তবে ওই চুমুর দরুণই গাড়িটির উপর নজর পড়ে পুলিশের। ভাইরাল ভিডিও-য় দুরন্ত গতিতে ছুটে যেতে দেখা যায় গাড়িটিকে। তাতেই চালান কাটা হয়। পুলিশের নির্দেশে গাড়ির উপর থেকে চুমুর নিশানও মুছতে বাধ্য হন ওই যুবক। তুলতে হয় গাড়ির কাচে সাঁটানো 'Thakur' লেখা স্টিকারও। কান ধরে ক্ষমা চাওয়ানো হয় ওই যুবককে। পুলিশ জানিয়েছে, রাস্তায় দুরন্ত গতিতে গাড়ি চালানো, স্টান্টবাজি করা আইনের পরিপন্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চক্করে এমন কিছু করা উচিত নয়, পরে যায় মাশুল গুনতে হয়। এক পুলিশকে বলতে শোনা যায়, "এখন লজ্জা পাচ্ছো? আগে লজ্জা হয়নি? এসব কেমন আচরণ? পড়াশোনা কতদূর?"
