কলকাতা: পুজোর সময় উত্তর কলকাতার আলো ঝলমলে রাস্তায় রিকশায় চেপে গান গাইতে গাইতে ঘুরে বেড়ানোর সেই দৃশ্য মনে আছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কলকাতার এক দম্পতির সেই মিষ্টি মুহূর্ত। এবার ফের নতুন ভিডিও নিয়ে নেটপাড়ায় হাজির সেই পরিবার। তবে এবার আর রিকশা নয়, গাড়ির মধ্যেই জমে উঠেছে গানের আসর। আর বাবা-মায়ের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছে তাঁদের একরত্তি ছেলেও।

Continues below advertisement

নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির চালকের আসনে রয়েছেন স্ত্রী। পাশে বসে রয়েছেন স্বামী অভিষেক মুখোপাধ্যায়। গাড়িতে বসেই জনপ্রিয় হিন্দি গান ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’ গাইছেন তিনি। ১৯৬৬ সালের ছবি ‘বালিকা বধূ’-র এই কালজয়ী গান গুনগুন করতে করতেই ক্যামেরায় ধরা পড়েছে পরিবারের আনন্দঘন মুহূর্ত। পিছনের আসনে বসে রয়েছে তাঁদের ছেলে। মাঝেমধ্যেই ক্যামেরার সামনে উঁকি দিয়ে মিষ্টি হাসি উপহার দিচ্ছে সে। আর সেই দৃশ্যই যেন ভিডিওর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

অভিষেকের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। স্বামী-স্ত্রীর সহজ স্বাভাবিক রসায়ন, পুরনো দিনের গানের নস্টালজিয়া এবং খুদের মিষ্টি উপস্থিতি—সব মিলিয়ে ফের মন জয় করেছে এই পরিবার।

Continues below advertisement

প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়ই প্রথমবার ভাইরাল হয় এই দম্পতির ভিডিও। উত্তর কলকাতার আলোয় সাজানো রাস্তায় ছোট ছেলেকে সঙ্গে নিয়ে রিকশায় চেপে ঘুরছিলেন তাঁরা। সেই সময় স্ত্রীকে বাংলা পুজোর গান গাইতে উৎসাহ দিচ্ছিলেন অভিষেক। পরিবারের সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তই মন ছুঁয়ে যায় নেটিজেনদের।

অভিষেক মুখোপাধ্যায় পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি সিইএসসি-তে কর্মরত। আগের ভিডিওটি ভাইরাল হওয়ার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানা আলোচনা। কেউ পরিবারের সহজ আনন্দের প্রশংসা করেছিলেন, আবার কেউ রিকশায় ঘোরার দৃশ্য নিয়ে নানা মন্তব্য করেছিলেন। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও সেই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাঁর বক্তব্যের পর অভিষেকের পেশাগত পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়।                 

তবে নতুন ভিডিওতে বিতর্কের কোনও জায়গা নেই। বরং পুরনো দিনের গানের সুরে গাড়ির ভিতর পরিবারের কয়েকটি আনন্দের মুহূর্তই ধরা পড়েছে। আর সেই মুহূর্তই আবারও মনে করিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মন জয় করতে সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। কখনও কখনও পরিবারের সঙ্গে কাটানো একটুকরো সাধারণ সময়ই হয়ে ওঠে অসাধারণ।