Viral Video: থানার ভিতরে রয়েছে একটি গাড়ি। আর তাতে লাগানো রয়েছে হ্যান্ডকাফ অর্থাৎ হাতকড়া। এতদিন অপরাধীর হাতে হাতকড়া পরানোর কথাই সকলে শুনেছেন। এবার গাড়ির দরজার হাতলে লাগানো হাতকড়ার ছবি প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের একটি থানায় ঘটেছে এই কাণ্ড। জানা গিয়েছে, 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ' অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে, অভিযুক্তদের সঙ্গে সঙ্গে এই গাড়িটিও বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই গাড়িই হাতকড়া পরিয়ে রাখা হয়েছে থানা চত্বরে। যাতায়াতের পথে অনেকেই দেখতে পেয়েছেন এই গাড়িটি। আর তাতেই এই খবর চাউর হয়েছে।
কিন্তু গাড়ির দরজার হাতলে হাতকড়া কেন ?
পুলিশ সূত্রে খবর, প্রথম কুমার নামের এক ব্যক্তি চালাচ্ছিলেন ওই গাড়ি। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই অবস্থাতেই ধরা পড়েন তিনি। এরপর মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় গাড়ির চালককে। কিন্তু গাড়িটি রেখে দেওয়া হয় থানায়। কেউ যাতে থানা থেকে গাড়ি চুরি করে পালাতে না পারে, তাই নিরাপত্তার জন্যই গাড়িটিকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। গাড়ির চাকার এক প্রান্তে লাগানো হয়েছে চেন এবং তার সঙ্গে বাঁধা হয়েছে হ্যান্ডকাফের একটা অংশ। আর অন্য প্রান্তটি আটকানো হয়েছে গাড়ির পিছনের দরজার হাতলে। গাড়ির সঙ্গে একটি চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে হাতকড়াটি।
মধ্যপ্রদেশের জব্বলপুরের লর্ডগঞ্জ থানায় থাকা হাতকড়া লাগানো এই গাড়ি এখন এলাকাবাসীর আলোচনা বিষয়। প্রথমে যিনিই এই গাড়ি দেখেন, বিস্মিত হন। তারপর হাসতে থাকেন। পরিচিতদের জানান এই বিষয়ে। তবে থানার ভিতর থেকে গাড়ি চুরি হয়ে যেতে পারে এমনটা জানার পর, নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অনেকেই বলছেন, যদি থানা থেকেই গাড়ি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বাইরে সাধারণ মানুষ কতটা নিরাপদ? পুলিশ সূত্রে খবর, থানায় অল্প কয়েকদিনের জন্যই হাতকড়া লাগিয়ে রাখা হয়েছিল গাড়িটি। পরে চেন দিয়ে বেঁধে রাখা হয় ওই গাড়িটিকে। নিরাপত্তার কারণেই যে এমনটা করা হয়েছিল তাও জানানো হয়েছে পুলিশের তরফে।
