আমদাবাদ: দমকলের ইঞ্জিন ডেকে নিজের বাড়ি ধোওয়ানো করালেন বিজেপি বিধায়ক। হোস পাইপ দিয়ে জল ছুড়ে তাঁর প্রাসাদোপম বাড়ি ধুতে দেখা গেল দমকল কর্মীদের। ভিডিও সামনে আসতেই বিতর্ক চরমে উঠেছে। প্রশ্নের মুখে গুজরাতের বিধায়ক বাচুভাই খাবাড়। (Fire Brigade Cleans BJP MLA's House)

Continues below advertisement

গুজরাতের দাহোড়ে প্রাসাদোপম বাড়ি বাচুভাইয়ের। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। সম্প্রতি সেই বাড়ির বাইরে দমকলের ইঞ্জিন দেখে উত্তেজনা ছড়ায়। আগুন নেভাতে দমকল ডাকা হয়েছে বলে ভেবেছিলেন সকলে। পরে জানা যায়, দেবগড় বড়িয়া পুরসভা থেকে দমকলের গাড়ি গিয়েছে বিধায়কের বাড়ি ধুয়ে পরিষ্কার করতে। (Viral Video)

আরও পড়ুন: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?

অগ্নিকাণ্ডের পর জরুরি পরিস্থিতিতে আগুন নেভাতে, অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধার করাই দমকলের কাজ। সেই দমকল কেন বিধায়কের বাড়ি ধুতে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়কের ব্যক্তিগত কাজে দমকল বিভাগকে ডাকা যায় কি না, প্রশ্ন তুলেছেন অনেকেই। দমকলকর্মীদের বিধায়কের বাড়ি ধোওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুরসভার তরফে বাচুভাইয়ের ছেলে, বলবন্ত খাবাড়ের কাছ থেকে ২৭০০ টাকা নেওয়া হয় ফি বাবদ। দমকলের ইঞ্জিন ব্যবহার করার জন্য ওই ফি নেওয়া হয়। সেই মর্মে রিসিটও দেওয়া হয় বলবন্তকে। পুরসভার চিফ অফিসার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো আইনি পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: যন্তরমন্তরে মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, আপাতত স্থগিত দিল্লি পুলিশের আধিকারিকের প্রোমোশন

দমকলের ইঞ্জিন ব্যবহার করা নিয়ে পুরসভার নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। জরুরি পরিস্থিতিতেই দমকলের ইঞ্জিন নামানো হয়। ব্যক্তিগত কাজে দমকলকে ব্যবহার করা যায় না। ফলে ঘটনাটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেননি বাচুবাবু।