UPI Fee Update: 'UPI চার্জ'-এর প্রস্তাবে ক্ষতি হবে সাধারণ মানুষেরই ! কীভাবে জানেন ? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

UPI দিয়ে দু’হাজার টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে কাটা হবে অর্থ ?
কলকাতা: বর্তমান দিনে মানুষ ক্যাশ টাকার পরিবর্তে কথায় কথায় UPI পেমেন্ট করেন। অনেক সুবিধাও হয়। কিন্তু এবার এই পেমেন্ট সিস্টেম নিয়ে নতুন ফরমান জারি করল কেন্দ্র সরকার। ইউপিআই দিয়ে দু’হাজার টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে কাটা হবে না কোনও অতিরিক্ত টাকা। একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, গ্রাহকদের থেকে কোনও প্রকার মাশুল নেওয়া যাবে না। কিন্তু এই সিদ্ধান্তে কারা সমস্যায় পড়বেন ? সাধারণ মানুষের কী ক্ষতি হবে ? মুখ খুললেন বিশেষজ্ঞরা।
২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ চার্জ নয়, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ব্যাঙ্ক বা সিস্টেম প্রদানকারী, ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে অর্থ প্রদানকারী বা গ্রহীতার ওপর কোনও চার্জ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সরকার।
ব্যক্তির কাছ থেকে ব্যক্তির UPI লেনদেন সম্পূর্ণ ফ্রি। পেমেন্ট গ্রহণকারী মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে MDR। সরকারের তথ্য অনুযায়ী, ৯৬ শতাংশ UPI লেনদেন হয় শূন্য থেকে ২০০০ টাকা পর্যন্ত। ২০০০ টাকার ওপরে UPI লেনদেন হয় মাত্র ৪ শতাংশ। তবে বিজ্ঞপ্তিতে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট অথবা MDR নির্দিষ্ট করা হয়নি।
সরকারের এই সিদ্ধান্তে সিটিআই (Chamber of Trade and Industry) চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেছেন যে, ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের জন্যও কোনও অতিরিক্ত ফি থাকা উচিত নয়। সিটিআই এর বিরোধিতা করছে। অন্যদিকে বাজার বিশেষজ্ঞরাও এর সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেছেন।
ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত জানান, ''ক্যাশ টাকার ট্রান্সেকশন কমছে দিন দিন। এই রকম অবস্থায় যখন সরকার থেকে একটা চাপ দেওয়া হচ্ছে, আগামীদিনে পুরোটাই ডিজিটাইস করার যে মূল উদ্দেশ্য ছিল, বলা হচ্ছে গ্রাহকদের UPI-তে কোনও আলাদা চার্জ দিতে হবেনা। এটা শুধু মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। ২০০০ টাকায় আমি কিছু একটা কিনলাম, মার্চেন্টদের যদি তার উপর চার্জ দিতে হয়, ধরুন ১%, মানে ২০ টাকা যদি দিতে হয়, তবে তার ২০ টাকা লস। সে নিশ্চই সেই লসটা নিজের ঘাড়ে রাখবে না। কাস্টমারদের কাছেই পাঠিয়ে দেবে। ফলে, পরোক্ষ ভাবে এই চার্জ আমাদের, অর্থাৎ সাধারণ মানুষের উপর লাগু হবে।
অর্থাৎ, অতিরিক্ত চার্জের জন্য জিনিসের দাম বাড়িয়ে দেবে। যে টাকা তাদের সরকারকে দিতে হচ্ছে, সেই টাকা তুলতে দাম বাড়াতে হবে জিনিসের। ফলে সাধারণ মানুষকেই গুনতে হবে সেই টাকা।
AIBOC-এর সভাপতি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ''আগে যে UPI ট্রান্সেকশন ছিল, বর্তমান দিনে তার মাত্রা অনেক অনেক বেশি। এখনও পরিষ্কার নয় যে এই চার্জটা কতটা হতে পারে, কতটা মার্চেন্টের উপর আসবে। তাই দোকানে যদি কোনও কিছু কিনতে যাই, তবে দোকানদার বলতে পারে ক্যাশে কিনুন তবে কম হবে, আর UPI-তে কিনলে বেশি দিতে হবে। এটাই যদি হয়, তবে UPI ট্রান্সেকশনটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে যদি আমি আপনাকে টাকা পাঠালাম, আপনি আমায় টাকা পাঠালেন, এতে কোনও চার্জ নেই।
অন্যদিকে আবার, Chamber of Trade and Industry-এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানান, এই সিদ্ধান্ত মানুষকে আবার নগদ লেনদেনে ফিরে যেতে বাধ্য করবে, যা ডিজিটাল ইন্ডিয়ার জন্য একটি বড় বাধা। তিনি বলেন, সরকার বলছে যে এই ফি গ্রাহকের কাছ থেকে নয়, বরং ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা হবে, কিন্তু বাস্তবতা হলো দোকানদার ঘুরপথে গ্রাহকের কাছ থেকে সেই একই ফি আদায় করবে।''
তিনি আরও বলেন, ''যদি দোকানদারকে ২০০০ টাকার পণ্যের ওপর ১% এমডিআর-ও দিতে হয়, তাহলে তার ২০ টাকার লোকসান হবে। সে হয় গ্রাহকের কাছে নগদ টাকা চাইবে, অথবা পণ্যের দাম বাড়িয়ে দেবে।
সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেছেন, সিটিআই দাবি জানাচ্ছে যে, ২০২০ সাল থেকে যেমনটা আছে, ইউপিআই এবং রুপে ডেবিট কার্ডগুলোকে সম্পূর্ণ এমডিআর-মুক্ত রাখা হোক। ব্যাংকগুলো যদি ব্যয় সংকটের সম্মুখীন হয়, তবে সরকারের উচিত ব্যবসায়ী ও গ্রাহকদের ওপর বোঝা না চাপিয়ে তাদের সরাসরি প্রণোদনা দেওয়া।