Kolkata Metro :কীভাবে কাটবেন মেট্রোর রিটার্ন টিকিট? রইল বিস্তারিত

কীভাবে কাটবেন মেট্রোর রিটার্ন টিকিট? রইল বিস্তারিত
দেড় দশক পর রিটার্ন টিকিট ফিরল কলকাতা মেট্রোয়। সবকটি মেট্রো লাইনে পরীক্ষামূলকভাবে চালু হল এই ব্যবস্থা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে যাত্রীদের সময় বাঁচবে। পাশাপাশি টিকিট কাউন্টারগুলিতে কমবে ভিড়।
ব্যস্ত সময়ে মেট্রোর টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়ে হা-পিত্যেশ,টিকিট কেটে স্টেশনে পৌঁছনোর মুখে, নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল গন্তব্যের ট্রেন। সেই সব ভোগান্তির দিন শেষ করতে ফের পুরনো পথে হাঁটল কলকাতা মেট্রো।
এবার গন্তব্যে রওনার সময়ই কেটে নিতে পারবেন ফেরার টিকিট। প্রায় ১৫ বছর পর শনিবার থেকে কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট।
কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, পরীক্ষামূলকভাবে এটা চালু হচ্ছে। সফল হলে পাকাপাকিভাবে রিটার্ন টিকিটের ব্যবস্থা হবে।
২০১১-এর ৩o জুলাই, আগের স্ট্রিপ টিকিট বাতিল করে কলকাতা মেট্রোয় চালু হয় টোকেন ব্যবস্থা। সেদিন থেকেই বন্ধ হয়ে যায় মেট্রোর রিটার্ন টিকিট পরিষেবা।
ফলে কোনও যাত্রীর যদি মেট্রোর স্মার্ট কার্ড না থাকে, তাঁকে যাওয়া-আসা মিলিয়ে ২ বার বুকিং কাউন্টারে লাইন দিয়ে কাটতে হত টিকিট।
বাড়তি সময় যাওয়ার পাশাপাশি ঘুরে ফিরে আসত খুচরোর সমস্যা। ফলে সিঙ্গল টিকিট সিস্টেম নিয়ে বিরক্তি বাড়ছিল মেট্রোর যাত্রীদের একাংশের মধ্যে।
এবার সেই সমস্যায় কাটানোর জন্যেই রিটার্ন টিকিট ফেরানোর সিদ্ধান্তের পথে হেঁটেছে মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রীদের একটা বড় অংশ স্মার্ট কার্ডের ওপর নির্ভর করলেও, সপ্তাহের কাজের দিনে আনুমানিক ৩০% যাত্রী কাটেন দৈনিক টিকিট। এখন টোকেন টিকিটের বদলে,১ জানুয়ারি, ২০২৫ থেকে চালু করা হয়েছে কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিট।
এবার সেই কিউ আর কোড ভিত্তিক পেপারেই রিটার্ন টিকিট চালু করল কলকাতা মেট্রো। ফলে এখন থেকে যাতায়াতের টিকিট একবারেই কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা।