West Bengal Weather Update: পারদ পতনের সম্ভাবনা কবে থেকে ? কতদিন চলবে বৃষ্টি ? আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে রাজ্যে

ছবি সূত্র- PTI
আবারও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হবে হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে এবং দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবার শুষ্ক আবহাওয়া থাকবে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা-সহ বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বাড়তে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়।
বুধবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নীচের দিকে তিন জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। পরের কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।
শীতের আমেজে ফের বাধা দিচ্ছে এই বৃষ্টি। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে সকাল ও সন্ধের দিকে কিছুটা পারদ পতন হতে পারে।
আগামীকাল সকালের দিকে কিছু জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।