Premature Grey Hair: অল্প বয়সেই সাদা হচ্ছে চুল? সময় থাকতেই সতর্ক হোন, মেনে চলুন এই নিয়মগুলি

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
অনেকের ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়সেই দু'চারটে সাদা চুল (Grey Hair) উঁকি মারতে শুরু করেছে। চুলের এই অকালপক্কতা (Premature Grey Hair) বিভিন্ন কারণে হতে পারে।
মূলত চুলের অযত্ন এবং খাওয়াদাওয়ার ক্ষেত্রে অনিয়ম করলে অসময়ে চুল পেকে যাওয়া বা সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
তাই সময় থাকতেই সতর্ক হয়ে যান। চুলের অকালপক্ষতা রুখে দেওয়ার জন্য কী কী করবেন আর কী কী করবেন, রইল তারই তালিকা।
অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার, খুব ঝাল স্বাদের খাবার, মশলাদার খাবার, ভাজাভুজি- এইসব খেলে তার প্রভাব সরাসরি পড়ে চুলের উপর।
চা কিংবা কফি অতিরিক্ত পরিমাণে খাওয়ার অভ্যাস থাকলেও অসময়ে চুল পাকা বা সাদা হয়ে যাওয়ার সমস্যা বাড়তে পারে।
আপনার ডায়েটে যদি অতিরিক্ত টক স্বাদের খাবার এবং প্রচুর আমিষ পদ প্রতিদিনই থাকে তাহলে সেটাও প্রভাব ফেলতে পারে চুলে।
এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম না হলে, অতিরিক্ত চিন্তা থাকলে, মানসিক অবসাদেও অনেকের চুল সাদা হয়ে পেকে যায় অসময়েই। তাই সতর্ক থাকা প্রয়োজন।
যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের নিয়মিত শ্যাম্পু করতে হয়। এর ফলে চুলে একাধিক সমস্যা দেখা যায়। এক্ষেত্রে মাথার তালুতে এবং চুলের লম্বা অংশে তেল ম্যাসাজ করে তারপর শ্যাম্পু করা প্রয়োজন।
চুলে যাঁরা নিয়মিত শ্যাম্পু করেন, তাঁদের ভালভাবে চুল পরিষ্কার করে ধুয়ে নেওয়া প্রয়োজন। চুলে যেন শ্যাম্পু না থাকে সেদিকে নজর রাখতে হবে। কন্ডিশনার ব্যবহার করলে সেটাও ভালভাবে ধুয়ে নিতে হবে।
চুলে রঙ করলে অনেক সময় সেই রঙে থাকা উপকরণের জেরেও (মূলত কেমিক্যাল) অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেকের ক্ষেত্রে আবার বংশ পরম্পরায় কম বয়সে চুল সাদা হয়ে যাওয়ার ঘটনা দেখা যায়।