নয়াদিল্লি: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিপত্তি। আপাতত পিছিয়ে গেল Artemis II (আর্টেমিস ২)  চন্দ্রাভিযান। ৬ ফেব্রুয়ারি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। আপাতত তা মার্চ পর্যন্ত পিছিয়ে দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালীন মহাকাশযান থেকে তরল হাইড্রোজেন চুঁইয়ে পড়তে থাকে। সেই কারণেই আপাতত পিছিয়ে দেওয়া হল আর্টেমিস ২ অভিযান। ( Artemis II Mission)

Continues below advertisement

আমেরিকার ফ্রোরিডার কেনেডি স্পেস সেন্টারে আর্টেমিস ২ মহাকাশযানে দু'দিন ধরে 'ওয়েট ড্রেস রিহার্সাল' চলছিল। রকেটে তরল অক্সিজেন, তরল হাইড্রোজেন ঢেলে শেষ মুহূর্তে পরীক্ষা করে নেওয়ার যে প্রক্রিয়া, তাকেই 'ওয়েট ড্রেস রিহার্সাল' বলা হয়। সেই মতো স্পেস লঞ্চ সিস্টেম রকেটের ট্যাঙ্কে তরল ঢেলে পরীক্ষা করা হয়। কিন্তু মঙ্গলবার সকালেই হাত তুলে নেন বিজ্ঞানীরা। কারণ তাতেই অস্বাভাবিকতা চোখে পড়ে। (NASA Artemis II Mission)

১ ফেব্রুয়ারি থেকে 'ওয়েট ড্রেস রিহার্সাল' শুরু হয়। ঠান্ডা আবহাওয়ার জন্যও গোটা প্রক্রিয়া পিছিয়ে যায় বেশ কিছুটা। ইঞ্জিনিয়াররা এর পর নিরাপদ তাপমাত্রায় নিয়ে যান ট্যাঙ্কটিকে। এর পর তাতে পোরা হয় তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন। কিন্তু জ্বালানি ভরার সময়ই হাইড্রোজেন চুঁইয়ে পড়তে দেখা যায়। জ্বালানি সরবরাহ বন্ধ করে সিল বন্ধ করে দেওয়া হয় সেই সময়। কিন্তু হঠাৎ করেই ফের 'স্পাইক' দেখা যায়,যাতে কাউন্টডাউন বাতিল হয়ে যায়।

Continues below advertisement

NASA-র অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ়্যাকম্যান জানিয়েছেন, ওয়েট ড্রেস রিহার্সালের পর উৎক্ষেপণের দিন পিছিয়ে মার্চে নিয়ে যাওয়া হচ্ছে। কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বলে আগেই আঁচ করেছিলেন তাঁরা। তাই আগে ভাগে যাতে সমস্যা ধরা পড়ে, এই পরীক্ষা চালানো হয়। মহাকাশচারীদের নিরাপত্তা NASA-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু নিখুঁত মনে হলে তবেই ঐতিহাসিক এই অভিযান হবে।

আর্টেমিস ২ অভিযানের আওতায় চার জন মহাকাশচারীকে চাঁদের কক্ষপথে পাঠাচ্ছে NASA. তাঁরা সবকিছু পর্যবেক্ষণ করবেন, মহাকাশযানটির প্রযুক্তিও পরীক্ষা করে দেখবে। এর পর ২০২৭ সালে সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবেন মহাকাশচারীরা। অ্যাপোলো অভিযানের পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে NASA. তবে নেহাত চাঁদের মাটি ছোঁয়া নয়, এবারের পরিকল্পনা দীর্ঘমেয়াদি।

‘আর্টেমিস ২’ মহাকাশে চেপে চাঁদের কক্ষপথে পৌঁছবেন চার মহাকাশচারী, আমেরিকার রিড ওয়াইজ় ম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হানসেন। এই প্রথম কোনও মহিলা এবং কোনো কৃষ্ণাঙ্গ মহাকাশচারী পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে অনেক বেশি দূরত্বে অভিযানে যাচ্ছেন। ১৯৭২ সালে Apollo 17 অভিযানের পর আবারও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে NASA. তবে ‘আর্টেমিস ২’ অভিযানের আওতায় ওই চার মহাকাশচারী চাঁদের মাটিতে অবতরণ করবেন না। চাঁদে অবতরণের ল্যান্ডারও নেই মহাকাশযানটিতে।