নয়াদিল্লি: সৌরজগতের সপ্তম গ্রহকে চাক্ষুষ করার সুবর্ণ সুযোগ। বুধবার রাতের আকাশে ধরা দিতে পারে ইউরেনাস। সূর্যকে প্রদক্ষণ করার সময় বছরে একবার সূর্য এবং ইউরেনাসের মাঝে অবস্থান করে পৃথিবী। বছরের শেষ দিকেই এই ঘটনা ঘটে। সেই কারণেই ইউরেনাসকে দেখার সুযোগ মেলে। আজই সেই দিন। (Uranus to Appear in the Sky)
সৌরজগতের সপ্তমতম গ্রহ ইউরেনাস। মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং অল্প পরিমাণ মিথেন রয়েছে ইউরেনাসের বায়ুমণ্ডলে। যে কারণে গ্রহটিকে নীলচে-সবুজ দেখায়। ইউরেনাসের বায়ুমণ্ডলের নীচে জল, অ্যামেনিয়া এবং মিথেনের মিশ্রণে তৈরি ঘন ও উত্তপ্ত তরল রয়েছে। প্রচণ্ড চাপের ফলে তরল অবস্থায় থাকে সেগুলি। ইউরেনাসের একেবারে কেন্দ্রস্থলে পাথর এবং বরফ রয়েছে। (Uranus Reaches Opposition)
পৃথিবী থেকে এত দূরে অবস্থিত ইউরেনাস, তার গতি এতটাই শ্লথ যে সেটির দেখা পেতে হিমশিম খেতে হয় সকলকেই। তবে ২৫ নভেম্বর থেকে আগামী কয়েকদিন পৃথিবীর কাছাকাছি বিরাজ করবে গ্রহটি। এমন অবস্থানে থাকবে, যেখান থেকে উজ্জ্বল দেখাবে তাকে। ফলে খুঁজে পাওয়া সহজ হবে। ভালমানের টেলিস্কোপ বা বাইনোকুলার থাকলেই দেখতে পাওয়া সম্ভব।
EarthSky জানিয়েছে, ২৫ নভেম্বর ইস্টার্ন টাইম অনুযায়ী সন্ধে ৬টা নাগাদ আদর্শ অবস্থানে থাকবে ইউরেনাস। সূর্যাস্তের সময় পূর্ব আকাশে উদিত হবে। মধ্যরাতে পৌঁছবে সর্বোচ্চ বিন্দুতে। সূর্যোদয়ের সময় আবার অস্ত যাবে পশ্চিম আকাশে। ভারতীয় সময় অনুযায়ী, ভোররাত ৩.৩০টে নাগাদ। Pleiades বা ‘সেভেন সিস্টার্স’ নক্ষত্রপুঞ্জের কাছাকাছি অবস্থান করবে ইউরেনাস।
ওই সময়ে ইউরেনাসের ঔজ্জ্বল্য হতে পারে +৫.৬। ফলে রাতের আকাশে খালিচোখেও দেখা যেতে পারে। তবে টেলিস্কোপ বা বাইনোকুলার থাকলে সহজ হবে খুঁজে পাওয়ার কাজ। বর্তমানে পৃথিবী থেকে ইউরেনাসের দূরত্ব ১৮.৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। টেলিস্কোপে চোখ রাখলে চাকতির মতো দেখাবে।
গ্রিকদের আকাশের দেবতার নামেই ইউরেনাসের নামকরণ। সৌরজগতের যে গ্রহগুলি সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি, ইউরেনাস তার মধ্যে অন্যতম। সেখানে ১৭ ঘণ্টায় একদিন হয়। কাত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি। পৃথিবীর হিসেবে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাস ৮৪ বছর সময় নেয়। ইউরেনাসের ১৩টি বলয় রয়েছে, যা বেশ অস্পষ্ট। এখনও পর্যন্ত আবিষ্কৃত উপগ্রহের সংখ্যা ২৯টি। এখনও পর্যন্ত একবারই ইউরেনাসের কাছাকাছি মহাকাশযান পাঠানো সম্ভব হয়, ১৯৮৬ সালের ২৪ জানুয়ারি। NASA-র Voyager 2 সেখানে পৌঁছয়।
এর পর, ২০২৭ সালের ৩০ নভেম্বর আবারও পৃথিবীর কাছাকাছি চলে আসবে।
