নয়াদিল্লি: জাল জন্ম শংসাপত্র জমা দেওয়ায় সিকিমের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার মনোজ গুরুঙ্গকে দু’বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই। এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিকিম ক্রিকেট সংস্থা। বিসিসিআই সূত্রে খবর, ২০১৪ সালে কোচবিহার ট্রফিতে খেলার জন্য নাম নথিভুক্ত করার সময় মনোজ যে শংসাপত্র দেন, তাতে তাঁর জন্ম ১৯৯৭ সালে বলে উল্লেখ করা হয়। সেই শংসাপত্র অনুযায়ী এখন তাঁর বয়স হওয়া উচিত ২১ বছর। কিন্তু তিনি নতুন করে যে শংসাপত্র জমা দিয়েছেন, তাতে দেখানো হয়েছে, তাঁর জন্ম ২০০০ সালে। এই বিষয়টি নজরে আসার পরেই সিকিম ক্রিকেট সংস্থাকে চিঠি দিয়ে মনোজকে নির্বাসিত করার কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। জানানো হয়েছে, এই মরসুম থেকে বিসিসআই-অনুমোদিত কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না মনোজ। সিকিম ক্রিকেট সংস্থার সচিব সোনম পালডেন ভুটিয়া বলেছেন, ‘বিসিসিআই খুব ভাল পদক্ষেপ নিয়েছে। এর ফলে খেলোয়াড়রা অন্যায় পন্থা অবলম্বন করতে পারবে না। এ বিষয়ে আমরা বোর্ডের সঙ্গে সহযোগিতা করব।’