মুম্বই: বিশ্বজয়ের পরেই বিপাকে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ পর্যন্ত দায়ের করা হল। পুণের এক আইনজীবী ভারতের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার অনুরোধ করেছেন। কিন্তু কী এমন ঘটল যার জেরে আইনি বিপাকে পড়লেন হার্দিক?
পুণের ওই আইনজীবীর দাবি ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর জয় উদযাপন করতে গিয়ে হার্দিক জাতীয় পতাকার অবমাননা করেছেন। ওই আইনজীবীর নাম ওয়াজিদ খান। তিনি শিবাজি নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি হার্দিক তেরঙ্গায় নিজেকে জড়িয়ে তাঁর বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে জয় উদযাপন করছিলেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘটনার কথা উল্লেখ করেই হার্দিক জাতীয় পতাকার অবমাননা করেছেন বলে দাবি করেন।
