আমদাবাদ: আর কয়েক ঘণ্টা পরেই শুরু বিশ্বকাপ ফাইনালের (T20 World Cup 2026) মহারণ। ভারত-নিউজ়িল্যান্ডের (IND vs NZ Final) ২২ গজের মহারণের আগে কিন্তু মাঠের বাইরের লড়াইটা শুরু হয়ে গিয়েছে। ম্যাচের আগের দিন অনেকটা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স যেমন বলেছিলেন, তেমনই কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারও (Mitchell Santner) মন্তব্য করেন। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক দর্শককে চুপ করাতে আগ্রহী তিনি। এর পাল্টা দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে স্যান্টনার জানান, 'ভারতের সমর্থকরা মাঠে উপস্থিত থাকবে সেদিন তাঁদের দেশের জয় দেখার জন্য। এটা কিন্তু বাড়তি একটা চাপ হতে পারে ভারতের জন্য। আমরা জানি যে টি-টোয়েন্টি ম্যাচে যে কোনও সময় খেলার রং বদলে যেতে পারে। আমাদের একটাই লক্ষ্য রবিবার। আমরা আমদাবাদের মানুষকে চুপ করিয়ে দিতে চাই না। আমরা চাই তাদের হৃদয় ভেঙে ট্রফিটা নিয়ে যেতে।'
এই বিষয়ে ভারতীয় অধিনায়ক নিজের স্বমহিমায় হাসির ছলে এবং খানিকটা মজাদার ভঙ্গিমায় জবাবটা দেন। সূর্য বলেন, 'সবাই তো একই লাইন বলছে। নতুন কিছু তো বল ভাই। সাজঘরে সকলেই ম্যাচের আগে বেশ শান্তই রয়েছে। এমন এক দারুণ দলকে ঘরের মাটিতে নেতৃত্ব দিতে পারাটা দারুণ অনুভূতির। আর সত্যি বলতে সকলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামতে মুখিয়ে রয়েছে। অধিনায়ক হিসাবে চাপ তো থাকবেই, সেটা অস্বীকার করছি না। নিঃসন্দেহেই বাড়তি চাপ থাকবে। ভারতে বিশ্বকাপ খেলার বাড়তি উত্তেজনা তো রয়েইছে।'
সূর্যকুমার স্বীকারই করে নিচ্ছেন যে তিনি সম্প্রতি নিউজ়িল্যান্ডের ম্যাচ দেখেননি, তবে নিউজ়িল্যান্ড যে দুরন্ত দক্ষ এক দল, সেই বিষয়ে নিশ্চিত সূর্যকুমার যাদব। 'আমি ওদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি টেলিভিশনে দেখিনি। আমরা হালেই ওদের বিরুদ্ধে খেলেছি। দ্বিপাক্ষিক সিরিজ়ে মোটামুটি ওদের যা দল ছিল এখানেও তাই রয়েছে। ওরা বেশ ভালই ক্রিকেট খেলছে। আমরাও ভাল ক্রিকেট খেলছি, তাই আশা করছি একটা ভাল ম্যাচ হবে।' বলেন ভারতীয় অধিনায়ক।
