আমদাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ২২ গজের মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ Final)। স্বাভাবিকভাবেই খেতাবি লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের আগে কিন্তু শেষবেলার প্রস্তুতি একেবারে চরমে।

Continues below advertisement

এই হাইভোল্টেজ ইভেন্টে নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক ফোকর রাখতে চায়না আমদাবাদ পুলিশ। আমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক ম্যাচের আগের দিন জানান ম্যাচের দিন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ৩০০০ পুলিশ এবং হাজার জন হোম গার্ডকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি মাঠে তিনটি অ্যান্টি ড্রোন সিস্টেমও রাখা হচ্ছে। স্টেডিয়ামের গেটগুলিতে বাড়তি লোকজনের ফলে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে এড়ানো যায় এবং অহেতুক ভিড় যাতে না হয়, সেই জন্যও বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে। তৈরি করা হচ্ছে হোল্ডিং জোনও। 

 

Continues below advertisement

পুলিশের জয়েন্ট কমিশনার, ১২ জন ডিসিপি এবং বিভিন্ন ব়্যাঙ্কের অফিসাররা মাঠের নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে থাকবেন। এছাড়াও মাঠে রাখা হচ্ছে আটটি বম্ব ডিটেকশন এবং ডিফিউজ়াল স্কোয়াড। মহিলাদের সুরক্ষার জন্য মাঠে পর্যাপ্ত মহিলা পুলিশও থাকছে বলে জানান কমিশনার। কোনও সমর্থক যাতে ২২ গজে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করার দায়িত্ব থাকবেন ডিসিপি। টিকিট ব্ল্যাক মার্কাটিং যাতে না হয় এবং এই চোরবাজারি করতে গিয়ে যদি কাউকে ধরা হয় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ রয়েছে বলে জানান কমিশনার।    

এই ফাইনাল ম্যাচ ঘিরে আমদাবাদের হোটেল থেকে বিমান ভাড়া সবই আকাশছোঁয়া। যেখানে মুম্বই থেকে আমদাবাদের বিমান ভাড়া সাধারণত তিন হাজার টাকার আশেপাশে থাকে, সেখানে সেটা বেড়ে ১৫ থেকে ১৭ হাজার টাকা দাঁড়িয়েছে। নয়াদিল্লি থেকে আমদাবাদের ভাড়া ১৪ হাজার টাকার আশেপাশে। আমদাবাদ যাওয়ার হুড়োহুড়ি সামাল দিতে বাড়তি ট্রেনের ঘোষণা করেছে ওয়েস্টার্ন রেলওয়ে। বান্দ্রা থেকে এই ট্রেন ছেড়ে সুরাট, বঢোদরা হয়ে ট্রেনটি পৌঁছবে আমদাবাদে। অপরদিকে নর্দার্ন রেলওয়ে তরফেও নয়াদিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে।