হায়দরাবাদ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের (IND vs WI) বিগত দুই টি-২০ ম্য়াচে রানের পাহাড় দেখা গিয়েছে। দুই ম্যাচের একটিতে ৫০০ এবং একটি ৪০০-র অধিক রান উঠেছে। দুই দল আজ চতুর্থ টি-২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। এই ম্য়াচেও কি বড় রান উঠতে দেখা যাবে? না বোলাররা মদত পাবেন?
ইনদওরে গত ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। আজকের ম্য়াচ জিতলেই ভারত সিরিজ় নিজেদের নামে করে ফেলবে। সেই লক্ষ্যেই মাঠে নামবেন শ্রেয়স আইয়াররা। দেখে নেওয়া যাক কেমন হবে আজকের ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ।
রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচও কিন্তু ব্যাট সহায়ক এবং একেবারে পাটা হয়ে থাকে। এই পিচে ভাল বাউন্স এবং গতি থাকায় বল খুব সুন্দরভাবে ব্য়াটে আসে, যাতে বড় শট মারতে ব্যাটারদের খুব সুবিধাই হয়। সত্যি বলতে বোলারদের জন্য এই পিচে তেমন কোনও মদত নেই। স্পিনার হোক বা ফাস্ট বোলার, কোনও ধরনের বোলারদের জন্যও সাহায্য থাকে না।
আরও পড়ুন:- নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
আইপিএলে তো সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা এই পিচেই বড় বড় রান তোলেন, ব্যাট হাতে একাধিকবার অভিষেক শর্মা ঝড় তুলেছেন উপ্পলে। তিনি ভাল ফর্মেও রয়েছেন। তাই ফের একবার সমর্থকরা কিন্তু একটি হাই স্কোরিং ম্য়াচের আশা করতেই পারেন। প্রথমে ব্যাট করা দল অন্তত ২১০ থেকে ২২০ রানের আশাপাশে বোর্ডে তোলার চেষ্টা করবে। দু'শোর কম রান ডিফেন্ড করা এই পিচে অন্তত খুবই কষ্টকর হতে চলেছে।
উপ্পলের রেকর্ডের কথা বলতে গেলে ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই। এই মাঠে বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে টিম ইন্ডিয়ার রেকর্ড দলের সমর্থকদের মুখে হাসি ফোটাতে বাধ্য। এখনও পর্যন্ত রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতে মোট তিনটি টি-২০ ম্যাচ খেলেছে। সেই তিন ম্যাচের প্রতিটিতেই জয়ী হয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কিন্তু টিম ইন্ডিয়া এখানে একটি টি-২০ ম্যাচ খেলেছিল। সাত বছর আগের সেই ম্যাচে ভারত ছয় উইকেটে জয় পায়। ২০২২ সালে একই ব্যবধানে অস্ট্রেলিয়াকেও পরাজিত করে ভারত। দুই বছর আগে বাংলাদেশকে এই মাঠেই ১৩৩ রানে পরাজিত করেছিল ভারতীয় দল। আজও এই রেকর্ড অক্ষুণ্ণ রেখে সিরিজ় নিজেদের নামে করার লক্ষ্যেই মাঠে নামবেন শ্রেয়স আইয়াররা।
