আমদাবাদ: সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। খেতাবি লড়াইয়ে নিউজ়িল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল (IND vs NZ Final)। কিউয়িদের বিরুদ্ধে ওই ম্যাচে নিঃসন্দেহেই ভারতের বড় হাতিয়ার হতে চলেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর চার ওভার কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেবে। তবে দিনের শেষে বুমরাও মানুষ এবং তাঁরও খারাপ দিন যেতেই পারে, এমনটাই মনে করছেন এবং আশাও করছেন গ্লেন ফিলিপ্স (Glenn Phillips)।

Continues below advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যেখানে দুই দল মিলিয়ে ওয়াংখেড়েতে রেকর্ড ৪৯৯ রান তোলে, সেখানে বুমরা চার ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট নেন। নিজের শেষ দুই ওভারে তো অনবদ্য বোলিং করেন তিনি। ডেথ ওভারে প্রবল চাপে ১৬ এবং ১৮ নম্বর ওভারে মাত্র আট এবং ছয় রান দেন বুমরা। এহেন বোলিং পারফরম্যান্সের পর সতীর্থ অক্ষর পটেল, সঞ্জু স্যামসন থেকে প্রতিপক্ষ দলের অধিনায়ক হ্যারি ব্রুক, সকলেই যশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালেও তাঁর এহেন পারফরম্যান্সেরই আশায় থাকবেন ভারতীয় সমর্থকরা।

 

Continues below advertisement

তবে বিশ্বকাপপূর্বে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ়ে কিন্তু ফিলিপ্স বুমরার বিরুদ্ধে খানিকটা সাফল্য পেয়েছিলেন। নিউজ়িল্যান্ড তারকার মতে বুমরা দারুণ বোলার হলেও, তাঁরও খারাপ দিন যেতে পারে। শুক্রবার আমদাবাদে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ফিলিপ্সকে বলতে শোনা যায়, 'বুমরা দুরন্ত বোলার। ওর বোলিংয়ে প্রচুর বৈচিত্র রয়েছে। ডেথ ওভারে তো নিরন্তর ব্লকে বোলিং করে ও। তবে দিনের শেষে তো ও মানুষ। আমাদের মতো ওরও একটা খারাপ দিন যেতেই পারে। আশা করছি আমাদের ওর বিরুদ্ধে ওই দিনটা ভালই কাটবে।'

ফিলিপ্সের মতে বুমরার যখনই যে মুহূর্তে কোনও ভুলত্রুটি করবে, তখনই কিউয়িদের সেটাকে কাজে লাগাতে হবে। তাঁর দাবি, 'আমি যেমনটা বললাম বোলররা কিন্তু নিজেদের লাইন, লেংথে মিস করতেই পারেন। আর বুমরা যদি সেটা করে, তাহলে আমাদের সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রান তুলতে হবে। তবে পাশাপাশি এটাও বুঝতে হবে যে ও যদি খুব ভাল বল করে, তাহলে আমাদের সেক্ষেত্রে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে অন্য দিকগুলো কাজে লাগাতে হবে।'