আমদাবাদ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) অপরাজিত, অপ্রতিরোধ্য ভারতীয় দল। চারটি গ্রুপ পর্বের ম্যাচের সবকয়টিই জিতেছে টিম ইন্ডিয়া। তবে দলে কোনও দুর্বলতা নেই বললে ভুল বলা হবে। পরিসংখ্যান এবং রবিন উথাপ্পার মতো বহু প্রাক্তনীই মনে করছেন এই বিশ্বকাপে অফ স্পিনারদের খেলার বিষয়ে ভারতীয় ব্যাটারদের খানিক দুর্বলতা ধরা পড়েছে, যে বিষয়ে উন্নতির প্রয়োজন। তবে ভারতীয় ম্যানেজমেন্ট কি এমনটা মনে করছে? এই বিষয়ে মুখ খুললেন শিবম দুবে (Shivam Dube)।

Continues below advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে জেরহার্ড ইরাসমাস, সাঈম আয়ুব, এমনকী নেদারল্যান্ডস ম্যাচে (IND vs NED) আরিয়ান দত্তরা সকলেই ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। গতকাল ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৬৬ রান করা শিবম দুবেকেও কিন্তু দত্ত শান্ত রাখেন। তাঁর বিরুদ্ধে একের পর এক চার বল ডটও খান দুবে। আরিয়ান দত্ত গতকাল চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নেন।

এহেন পারফরম্যান্সের পর তাই অনেকেই ভারতীয় ব্যাটারদের অফস্পিন খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তবে এই নিয়ে বাড়তি কোনও কথা হবে না বলেই সাফ জানিয়ে দেন দুবে। 'এই নিয়ে কোনও কথা হয়নি কারণ অনেক সময়ই এমন কিছু বল আসে যেগুলিকে মারা ব্যাটারদের জন্য সহজ হয় না, ব্যাটাররা মারতে পারে না। গোটাটাই একটা শটের ব্যাপার। ওই একটা শট লেগে গেলে আর আসন্ন ম্যাচগুলিতে কেউ অফস্পিন খেলা নিয়ে কোনও প্রশ্ন তুলবে না।' দাবি দুবের।

Continues below advertisement

ম্যাচের পর ম্যাচসেরা ভারতীয় ক্রিকেটার অফস্পিনের বিরুদ্ধে নিজের ব্যাটিংয়ের কথা বলতে গিয়ে তিনি আরও জানান, 'আমার বিরুদ্ধে অফস্পিনারটা খুবই ভাল বল করছিল। চারটে ডট বল করেছে, তাই বলতেই হবে যে দারুণ ওভার করেছে। তবে আমি জানতাম আমি পরে ওর শোধ নিতে পারব। বল তো স্কিডও করছিল এবং খানিকটা নীচুও থাকছিল। একটা বল তো ঘুরেওছে। তো সত্যিটা হল আমি মারতেই পারতাম, কিন্তু ওই মুহূর্তে ওই পরিস্থিতির দাবি ভিন্ন ছিল। তাই সেই অনুযায়ীই ওই সময়ে আমায় ব্যাট করতে হত।'

ডাচদের বিরুদ্ধে আমদাবাদে ব্যাট হাতে ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলার পর শিবম দুবে বল হাতেও দুই উইকেট নেন। এই পারফরম্যান্সের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।