চেন্নাই: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই এ মরশুমের আইপিএলের দ্বিতীয় 'এল ক্লাসিকো'। টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs MI), একে অপরের মুখোমুখি হবে। আর এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই তারকার ছড়াছড়ি। ম্যাচের আগে এমনই এক তারকাখচিত ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল।
ম্যাচের আগের রাতে অনুশীলনের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করেন সূর্যকুমার যাদব। সেই ছবি ঘিরেই যত চর্চা। কী এমন আছে সেই ছবিতে? আসলে সেই ছবিটির বিশেষত্ব হল ছবির ত্রিমূর্তি। ছবিতে সূর্যকুমার যাদবের (SuryaKumar Yadav) সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতীয় দল এখনও পর্যন্ত তিন তিনটি টি-২০ বিশ্বকাপ জিতেছে। সেই তিন বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন এই ত্রিমূর্তি। সেই কারণেই এই ছবিটি এত তাৎপর্যপূর্ণ।
সূর্যকুমার যাদব এই ছবিটি পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখেন, 'গ্রুপ ডিপি পেয়ে গিয়েছি। খালি কেউ গ্রুপের নামটা কী হবে বলুন।' অনেকেই সূর্যর অনুরোধ অনুসারে এই গ্রুপের নামকরণও করে। একজন লেখেন, 'কাপ-টানস'। কেউ আবার তিন তারকার নামের আদ্যাক্ষর দিয়ে 'ডিআরএস' নামটির পরামর্শ দেন।
আজকের ম্যাচের কথা বলতে গেলে এই ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য় বিরাট গুরুত্বপূর্ণ। শেষ সাত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মাত্র একটিতে জয় পেয়েছে। সাধারণত আইপিএলের প্লে-অফে পৌঁছতে ১৬ পয়েন্ট যথেষ্ট বলে মনে করা হয়। কিন্তু আজকে হারলে পল্টনরা বাকি সবকয়টি ম্য়াচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাবে না। তাহলে আজকে হারলেই মুম্বই ইন্ডিয়ান্সের সব আশা শেষ? উত্তর না, তেমনটা নয়। সরকারিভাবে আজ হারলেও প্লে-অফের দৌড় থেকে মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে যাবে না। তবে সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছতে পল্টনদের সামনের পথটা যে অত্যন্ত কঠিন হয়ে যাবে, তা বলাই বাহুল্য।
অতীতে ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে পৌঁছনোর ইতিহাস রয়েছে। দশ দলের আইপিএলে ২০২৪ সালেই আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছেছিল। আর আট দলের আইপিএলে তো এমন ঘটনা বহুবার হয়েছে। তবে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলে প্লে-অফে পৌঁছতে হলে পল্টনদের নেট রান রেট ভাল থাকা প্রয়োজনীয়। দুর্ভাগ্যবত মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান নেট রান রেট, -০.৭৮৪ আপাতত খুবই খারাপ। তাই আজ হারলে পল্টনদের পরবর্তী ম্যাচগুলি শুধু জিতলেই চলবে না, সেই ম্যাচগুলি বড় ব্যবধানেও জিততে হবে।
