চেন্নাই: একের পর এক ম্যাচ হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তিন ম্যাচ খেলে ফেললেও, একমাত্র আইপিএল দল হিসাবে এখনও পর্যন্ত এক পয়েন্টও অর্জন করতে পারেনি চেন্নাই সুপার কিংস। দলের দুই তারকার অনুপস্থিতি এই হতাশাজনক পারফরম্যান্সের অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। তবে তাঁদের দুইজনকে নিয়েই এবার মেডিক্যাল আপডেট দিল সিএসকে।
কথা হচ্ছে ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) এবং অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বিষয়ে। এই দুই তারকা ক্রিকেটার সিএসকের হয়ে এখনও পর্যন্ত চলতি মরশুমে মাঠেই নামতে পারেননি। তাঁদের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সকল সিএসকে সমর্থকরা। এই দুইজনকে নিয়েই এবার আপডেট দিল আরসিবি। ধোনিকে সম্প্রতি নেটে ব্যাটিংয়ের সময় বড় বড় শট মারতে দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। তবে মেডিক্যাল রিপোর্টে দাবি করা হয়েছে ধোনিকে খেলতে দেখতে হলে এখনও খানিকটা অপেক্ষা করতে হবে।
রিপোর্টে জানানো হয় ধোনি পেশির সমস্যার সঙ্গে লড়াই করছেন যেটা টুর্নামেন্ট শুরুর আগেই তাঁর লাগে। মাহি নেটে অল্পস্বল্প ব্যাটিং করার পাশাপাশি একটু দৌড়ানো এবং বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি সারছেন বলে সিএসকের মেডিক্যাল দল জানায়। উইকেটকিপিং করা বা পিচের মাঝে রান নিতে দৌড়ানোর যে মুভমেন্টের প্রয়োজন, সেই মুভমেন্ট করার ছাড়পত্র দেওয়া হয়নি। ফলত মাহি ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের ম্যাচে মাঠে নামতে পারবেন না এটা নিশ্চিত। তবে ১৪ এপ্রিল কেকেআরের বিরুদ্ধেও তাঁর খেলা নিশ্চিত নয়। সেই ম্যাচ তিনি খেলতে পারবেন কি না, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে।
তবে মন্দের ভাল ধোনি না ফিরলেও ব্রেভিসের মাঠে ফেরায় কোনও সমস্যা নেই। তিনি সদ্যই এক সাক্ষাৎকারে পূর্বাভাস দিয়ে রেখেছিলেন যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে। ব্রেভিস হালে পূর্ণ গতির থ্রো ডাউনের মুখোমুখি হওয়ার পাশাপাশি দলের হয়ে অনুশীলনের সময় ২০ মিনিট ফুটবলও খেলেন এবং তাতে তাঁর কোনও অস্বস্তিবোধও হয়নি। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন তাই আশাবাদী যে দিল্লি ক্যাপিটালসেসর বিরুদ্ধেই তরুণ প্রোটিয়া তারকাকে খেলতে দেখা যাবে। তাঁর মাঠে ফেরা যে খারাপ পরিস্থিতিতে থাকা সিএসকের জন্য বিরাট ইতিবাচক, তা কিন্তু বলাই বাহুল্য। এবার দেখার এই তারকাদের প্রত্যাবর্তনে সিএসকের ভাগ্যের চাকা ঘোরে কি না।
