নয়াদিল্লি: আইপিএলের মরশুম (IPL 2027) শুরু হতে দেরি থাকলেও, মাস ঘুরলেই আয়োজিত হবে নিলাম। তার আগে কোন দল কাকে ছাড়বে, কাকে ধরে রাখবে, কোন তারকা দলবদল করবেন, সেইসব নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে আইপিএলের তরফে বড় ঘোষণা করা হল। বাড়িয়ে দেওয়া হল আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ।

Continues below advertisement

Cricinfo-র রিপোর্ট অনুযায়ী আগে ১৫ নভেম্বরের মধ্যেই দশটি ফ্র্যাঞ্চাইজ়িকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দিনটি আবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের দিনও বটে। তবে বর্তমানে তা দুইদিন পিছিয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। ওই দিনের মধ্য়েই সকল দল নিজেদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জানিয়ে দেবে।

এই রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরেই আইপিএলের তরফে নিলামের জন্য রেজিস্টার করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে। তারপরেই দলগুলি সেই তালিকা থেকে নিলামে কাদের প্রতি তারা আগ্রহী, সেই নামগুলি বেছে নেবে। তারপরে কোন সেট অনুযায়ী খেলোয়াড়দের নাম নিলামে উঠবে সেটাও নিলামের আগে বাছাই করা হবে। ১৬ ডিসেম্বর গোয়ায় এবারের আইপিএল নিলাম আয়োজিত হওয়ার কথা।  

Continues below advertisement

আরও পড়ুন:- সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার 

আইপিএলের মরশুম শুরুর দিনক্ষণ অবশ্য এখনও জানানো হয়নি। তবে ২০২৪ সালে যে সম্ভাব্য উইন্ডো জানানো হয়েছিল, সেই অনুযায়ী এবারের আইপিএল ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত আয়োজিত হওয়ার কথা। অবশ্য সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভার পরে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন যে মার্চের মাঝে নয়, মার্চের শেষের দিকে আইপিএল ২০২৭-র মরশুম শুরু হতে পারে।

এদিকে আইপিএল নিলামের আগেই এক হাইপ্রোফাইল ট্রেড হয়ে গিয়েছে। সেই ট্রেডিংয়ে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ঋষভ পন্থ ও নিজের ঘরের ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন কুলদীপ যাদব। আরও এক ট্রেডিং নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। সেটি আর কেউ নয়, হার্দিক পাণ্ড্য। কখনও তাঁর নাম পঞ্জাব কিংসের সঙ্গে জোড়ে, কখনও রাজস্থান রয়্যালস তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে যায়, আবার কখনও তিনি কেকেআরের অধিনায়ক হতে পারেন বলে জোর জল্পনা শোনা যাচ্ছে। শেষমেশ হার্দিক কোন দলে পরের মরশুম খেলবে, সেইটা কিন্তু দেখার বিষয় হতে চলেছে।