নয়াদিল্লি: আইপিএলের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে আইপিএল ২০২৬-র আগে তাঁদের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে প্রবল জল্পনা। একেই তাঁদের ঘরের মাঠ নিয়ে ধোঁয়াশা রয়েছে, উপরন্তু, দলের মালিকানা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। আইপিএল জয়ের পরেই আরসিবির বিক্রির কথা জানানো হয়েছিল। শিল্পপতি আদার পুণাওয়ালা আরসিবির দল কিনতে আগ্রহী।

Continues below advertisement

এসআইআই-র সিইও বৃহস্পতিবার, ২২ জানুয়ারিই আরসিবির দল কেনার বিষয়ে প্রকাশ্যেই নিজের আগ্রহের কথা জানান। নিজের সোশ্যাল মিডিয়ায় পুণাওয়ালা লেখেন, 'পরবর্তী কয়েক মাসে আমরা আইপিএলের অন্যতম সেরা দল, আরসিবি ফ্র্যাঞ্চাইজ়ি কেনার জন্য মজবুত ও ভাল দর হাঁকাব।' এবার দেখার বিষয় আরসিবির মালিকানা হস্তান্তর হলেও, কবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়।

অপরদিকে, নতুন আইপিএল মরশুমের আগে আরসিবির হোমগ্রাউন্ড নিয়েও মাথাব্যথা খানিকটা হলেও কমেছে। কর্ণাটক সরকারের তরফে চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। আইপিএল জয়ের বিজয়োৎসবে ১১ জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যাওয়ার পর থেকে চিন্নাস্বামীতে আর কোনওরকম ম্যাচ আয়োজিত হয়নি। সময় গড়িয়ে যাচ্ছিল। আর তার সঙ্গেই আরসিবির চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের 'হোম' ম্যাচ খেলার সম্ভাবনা কমছিল।

Continues below advertisement

সাম্প্রতিক সময়ে চিন্নাস্বামীর বিকল্প হিসাবে একাধিক মাঠ আরসিবির হোমগ্রাউন্ড হতে পারে জল্পনা শোনা যাচ্ছিল। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী তো জানিয়েই দিয়েছিলেন যে রায়পুরে আরসিবির দুইটি ম্য়াচ খেলা হবে। তবে আরসিবির কর্ণাটকের সমর্থকদের জন্য আশার আলো।          

কর্ণাটক সরকারের তরফে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। কর্ণাটক ক্রিকেট সংস্থাই এক বিবৃতির মাধ্য়মে এই খবর সকলকে জানায়। তবে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষেই এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই আরসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল চিন্নাস্বামীর সুরক্ষা নিশ্চিত করতে তারা বিশেষ বন্দোবস্ত করতে আগ্রহী। কি সেই ব্যবস্থা?

শুক্রবার, ১৬ জানুয়ারি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পাঠানো এক সরকারি চিঠিতে আরসিবির তরফে মাঠে ৩০০ থেকে ৩৫০টি এআইসমৃদ্ধ ক্যামেরা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই ক্যামেরা বসানোর জন্য আনুমানিক চার থেকে সাড়ে চার কোটি টাকা খরচ হতে পারে, যার পুরোটাই আরসিবির তরফে বহন করা হবে বলেও জানানো হয়।   

ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জানানো হয় এই ক্যামেরাগুলি দর্শকদের মুভমেন্ট ম্যানেজ, সুষ্ঠভাবে লাইন নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ রোখার মতো বিষয়গুলিতে সহায়তা করবে যার ফলে সমর্থকদের সুরক্ষা অনেকাংশেই বাড়বে।