প্রত্যেক ফর্ম্যাটের জন্য সঠিক খেলোয়াড় বাছাই সাফল্যের চাবিকাঠি: কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Oct 2017 08:24 AM (IST)

রাঁচি: দুরন্তে ছন্দে রয়েছে ভারতীয় দল। একের পর এক সিরিজে দারুন সাফল্য পাচ্ছে। অধিনায়ক কোহলি টিম ম্যানেজমেন্টের ফর্ম্যাট অনুযায়ী দলের খেলোয়াড় বাছাইয়ের সিদ্ধান্তকেই সাফল্যের চাবিকাঠি বলে উল্লেখ করেছেন। শ্রীলঙ্কা সিরিজের সময় থেকে কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলের মতো রিস্ট স্পিনারদের খেলানোটা দলের পক্ষে লাভজনক হয়েছে। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর কোহলি বলেছেন, এই ধারাবাহিক সাফল্যের পিছনে দলের সার্বিক প্রচেষ্টা তো রয়েইছে। সেই সঙ্গে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তও দারুন সহায়ক হয়েছে। টিম ম্যানেজমেন্ট বিভিন্ন ফর্ম্যাটের জন্য স্পেশ্যালিস্ট ক্রিকেটারদের বেছে নিচ্ছে, কুলদীপের মতো মিস্ট্রি বোলারদের বেছে নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। কোহলি দলের দুই পেসার ভূবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটে দারুন বোলিং করছে ওরা। এই ফর্ম্যাটে ইয়র্কার ও স্লোয়ার বল করতে হবে এবং এজন্য দক্ষতা প্রয়োজন। সেইসঙ্গে বিপক্ষের ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলতে বুদ্ধিও কাজে লাগাতে হয়। স্ত্রীর অসুস্থতার পর ওপেনার শিখর ধবন দলে ফিরে আসায় খুশি অধিনায়ক।