নয়াদিল্লি: বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসও তাঁর ফিটনেসে মুগ্ধ। ফিটনেস বজায় রাখার জন্য প্রচুর পরিশ্রম করেন কোহলি। এ নিয়ে খুঁতখুতে ভারতীয় দলের অধিনায়ক। ফিটনেসে যাতে এতটুকু খামতি না থাকে সেজন্য পছন্দের খাবার ছোলা বাটোরা খাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি। একটি সাক্ষাত্কারে কোহলি জানিয়েছেন, শেষ কবে ছোলা-বাটোরার স্বাদ নিয়েছিলেন তিনি। একটি প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ২০১৫-র ১৫ আগস্ট। প্রায় তিন বছর আগে প্রিয় খাবার ছোলা-বাটোরা খেলেছিলেন তিনি। যত্সামান্য একটু ছোলা-বাটোরা চেখে দেখেছিলেন কোহলি। আসলে দেশের স্বাধীনতা দিবসে নিজের রসনার প্রতি নিয়ন্ত্রণে হয়ত খানিকটা লাগাম হ্রাস করেছিলেন তিনি। কিন্তু তার বেশি কিছু নয়। বড় কিছু পেতে গেলে আত্মত্যাগ,নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার যে কোনও বিকল্প নেই, কোহলির কথা থেকেই তা স্পষ্ট। তিনি বলেছেন, কেরিয়ারে সম্পূর্ণ সততা বজায় রেখে এগিয়ে চলতে চাই। ভালো খেলাই আমার অগ্রাধিকার। পরে তো পছন্দের খাবার খেতেই পাব। এজন্য প্রচুর সময় রয়েছে। কিন্তু এখন শুধু কেরিয়ারের প্রতিই মনোনিবেশ করতে চাই। সাক্ষাত্কারে কোহলি জানিয়েছেন, তাঁর কোচ রাজ কুমার শর্মা তাঁকে তাঁর প্রিয় ফ্লিক শট খেলতে মানা করতেন। কিন্তু এখন ওই শটই কোহলির ট্রেডমার্ক হয়ে উঠেছে। কোহলি প্রায়ই ফ্লিক শট খেলতে গিয়ে আউট হয়ে যেতেন। পরে ফ্লিক শট নিয়ে কোচ সাহায্য করেন। দীর্ঘ অনুশীলনেরপর এই শট পারফেক্ট হয় তাঁর।