দেখুন, একদিনের দল থেকে বাদ পড়া নিয়ে ঋষভ পন্থকে কটাক্ষ টিম পেইনের
Web Desk, ABP Ananda | 28 Dec 2018 05:51 PM (IST)
মেলবোর্ন: ভারতের একদিনের দল থেকে বাদ পড়া নিয়ে তরুণ উইকেটকিপার ঋষভ পন্থকে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। আজ মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন ঋষভ ব্যাটিং করার সময় স্লেজিং শুরু করেন পেইন। তিনি বলেন, ‘এম এস একদিনের দলে ফিরে এসেছে। এবার এই ছেলেটাকে (ঋষভ) হোবার্ট শহরে ঘোরানো যেতে পারে। ওকে নিয়ে নৈশভোজেও যাওয়া যেতে পারে।’ এরপর ঋষভকে উদ্দেশ্য করে অসি অধিনায়ক বলেন, ‘তুমি কি বাচ্চাদের সামলাতে পারো? তাহলে স্ত্রীকে নিয়ে আমি সিনেমা দেখতে যেতে পারি। তখন তুমি আমার বাচ্চাদের দেখো।’ মহেন্দ্র সিংহ ধোনি ফিরে আসায় একদিনের দলে জায়গা পাননি ঋষভ। এই বিষয়টি নিয়েই তাঁকে স্লেজিং করতে থাকেন পেইন। তিনি আরও বলেন, ইচ্ছে হলে হোবার্ট হারিকেনসের হয়ে চলতি বিগ ব্যাশ লিগে খেলতে পারেন ঋষভ। স্টাম্প মাইকে এই কথা শোনা যায়। এর আগে ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকেও স্লেজিং করেন পেইন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। অজিঙ্কা রাহানে আবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক। এই বিষয়টি নিয়েই পেইন বলেন, ‘রোহিত ছয় মারলেই আমি দল বদলে মুম্বইয়ে যাব।’