এশিয়ান গেমস: প্রথম ভারতীয় হিসেবে হেপ্টাথলনে সোনা জিতলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2018 09:46 PM (IST)

এশিয়ান গেমসে বাংলার নয়া চ্যাম্পিয়ন। দেশের হয়ে একাদশতম সোনাটি জিতলেন স্বপ্না বর্মন। হেপ্টাথলনে সোনা জিতলেন জলপাইগুড়ির সোনার মেয়ে। এদিন ৮০০ মিটারের দৌড়ের ফলাফলের পরই পয়েন্টের নিরিখে নির্ধারিত হয়ে যায় ম্যাচের নিয়তি। হেপ্টাথলনে মোট ৭ টি ইভেন্টের পর মোট ৬০২৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন বাংলার স্বপ্না। দাঁতে অসহ্য ব্যথা নিয়ে এই ইভেন্টে আগাগোড়া দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে এসেছেন। একটি পায়ে তাঁর ৬ টি আঙুল। সেজন্য বিশেষ ধরণের জুতো ছাড়া তিনি পরতে পারেন না। এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়েও তিনি চ্যাম্পিয়ন। দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজে পড়েন স্বপ্না। পাশাপাশি, ট্রেনিং করেন সাইয়ে। ওই কলেজের অধ্যাপক সমীর বেরাও এই লড়াইয়ে আগাগোড়া তাঁর পাশে থেকেছেন। বছর খানেক আগে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন স্বপ্না। আর, এবার এশিয়াডে চ্যাম্পিয়ন।