Behala : ৫ দিনে ৮ বার ডেরা বদল! তাতেও শেষরক্ষা হল না, পুলিশের জালে বেহালায় তাণ্ডবে মূল অভিযুক্ত। Bangla News

চারদিনের পলায়ন-পর্বে ৮ বার জায়গা বদল, ৫ বার গাড়ি বদল করেছিল বেহালার চড়কতলাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এমনকী তিনবার চড়েছিল পণ্যবাহী গাড়িতেও। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে দলবল নিয়ে প্রথমে বাঁশদ্রোণীর গাছতলা ও পরে রিপন স্ট্রিটে যায় সোমনাথ।এই দু’টি জায়গায় অনুগামীদের কাছ থেকে টাকা ও সিমকার্ড নেয়। এরপর যায় ডালহৌসিতে। বিবাদী বাগ বাসস্ট্যান্ডের কাছ থেকে গাড়ি ভাড়া করে যায় বালির নিশ্চিন্দায়। গাড়ি চালকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ওই গাড়ি নিয়েই যায় ব্যাঁটরায়। এরপর ডোমজুড় হয়ে যায় বারাসাতে। সেখানে গাড়ি বদল করে সোজা চলে যায় ওড়িশার বালেশ্বরে। সিম বদলায়। এরপর বালেশ্বর থেকে দিঘায় আসে। ফের জায়গা বদলে চলে যায় হাওড়ার জয়পুরে। সেখানে এক পরিচিতর বাড়িতে আশ্রয় নেয় সোমনাথ ও তার ৬ সঙ্গী। পুলিশ সূত্রে খবর, পলায়ন-পর্বে সিম বদল করে গাড়ি চালকের মোবাইল ফোন থেকে কথা বলছিল সোমনাথ। এই পাঁচদিন একসঙ্গেই ছিল ৭ জন। খাওয়াদাওয়া করেছে ধাবায়। বালেশ্বর ও দিঘায় ভাড়া করেছিল সস্তার হোটেল। পুলিশকে ধোঁকা দিতে পেশাদার অপরাধীদের মতো জায়গা ও সিম বদল করেও অবশ্য শেষরক্ষা হয়নি। আজ সকালে সোমনাথ-সহ ৭ জনই ধরা পড়ে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola