Reporter Stories: অপহরণের চারদিন পর কাঁকসা থেকে উদ্ধার রানিগঞ্জের অপহৃত ব্যক্তি, গ্রেফতার ২ অভিযুক্ত
অপহরণের চারদিন পর পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে উদ্ধার রানিগঞ্জের অপহৃত ব্যক্তি। কয়লার ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে অপহরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গ্রেফতার ব্যবসার ২ প্রাক্তন অংশীদার। অভিযোগ, রানিগঞ্জের শিশুবাগানের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের স্বপন ভকত ১১ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে যান। ওইদিনই তাঁর স্ত্রীকে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অপহরণের কথা জানতে পেরে তদন্তে নামে রানিগঞ্জ থানার পুলিশ। মোবাইলের কল লিস্ট ও টাওয়ার লোকেশনের সূত্র ধরে গতকাল কাঁকসার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃতকে। দুই অভিযুক্ত রামলক্ষ্মণ পাল ও অরবিন্দ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত দু’জন একসময় স্বপনের সঙ্গে কয়লার ব্যবসা করত। দীর্ঘদিন ধরে তিনজনের মধ্যে আর্থিক বিবাদ চলছিল। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে পুলিশের অনুমান।