West Bengal Election 2021: ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ লেখা জীবনানন্দের, দাবি সৌমিত্র খাঁ-র, কটাক্ষ তৃণমূলের

‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করলেন, লাইনটি না কী জীবনানন্দ দাসের লেখা। কিন্তু, বাস্তব হল, রায়গুণাকর ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যের লাইন এটি। আর বিজেপি সাংসদের এই ভুল মন্তব্য ঘিরেই তৃণমূল-গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়েছে তরজা।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়গ্রামের জনসভায় কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে দলের অস্বস্তি চরমে তুললেন বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ দাবি করছেন, ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’....এই লাইনটি জীবনানন্দ দাশের! কিন্তু, আদতে রায়গুণাকর ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যে এই উক্তিটি ঈশ্বরী পাটনীর মুখে রয়েছে।
সৌমিত্র খাঁর মন্তব্য নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।  আত্মপক্ষ সমর্থনে সাফাই দিয়েছে বিজেপি।
মনীষী, সাহিত্যিক ও তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে রাজনীতিবিদদের আলটপকা মন্তব্য এই প্রথম নয়। সহজপাঠ বিদ্যাসাগরের লেখা বলে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাস্তবে সহজপাঠের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর। দিলীপ ঘোষ যখন এই মন্তব্য করেন, তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, ‘‘কেউ কেউ তো বিদ্যাসাগর সম্পর্কে জানেন না। কেউ বলছেন, সহজপাঠের জন্য না কি বিখ্যাত উনি। বিদ্যাসাগর বর্ণপরিচয়ের জন্য বিখ্যাত।’’ 
এর আগে ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বেলেঘাটায় যখন মহাত্মা গাঁধী অনশন করছিলেন, রবীন্দ্রনাথ তখন তাঁর কাছে যান এবং ফলের রস খাইয়ে গাঁধীর অনশন ভঙ্গ করেন। এর পরেই কবি লিখেছিলেন, ‘জীবন যখন শুকায়ে যায়’ গানটি।’’ যদিও ইতিহাস বলছে, গান্ধীজি বেলেঘাটায় অনশন করেছিলেন ১৯৪৭ সালে, সাম্প্রদায়িক হিংসার পর্বে। আর রবীন্দ্রনাথের জীবনাবসান হয় ১৯৪১ সালে। ২০১৯ সালের এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের প্রচারে বীরভূমে অমিত শাহ বলেছিলেন, ‘‘এই বীরভূমের পবিত্র ভূমিতে জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।’’ যা নিয়ে কটাক্ষ করেছিল তৃণমূল। ১৮৬১ সালের ৭ মে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের পারিবারিক ভদ্রাসন, ৬ দ্বারকানাথ ঠাকুর লেনের বাড়িতে রবীন্দ্রনাথের জন্ম। মনীষীদের সম্পর্কে রাজনীতিবিদদের তথ্য গুলিয়ে ফেলার প্রবণতা অব্যাহত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola