Cyber Crime: কেবল ওটিপি শেয়ার (OTP Share Scam) করলেই আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট (Bank Account) খালি হতে পারে, সেই ধারণা ভুলে যান। এবার প্রতারকরা আপনাকে সর্বশান্ত করতে পেতেছে নতুন ফাঁদ (Cyber Fraud)। একবার পা দিলেই সব টাকা উধাও হবে আপনার।
ডিজিটাল ইন্ডিয়ার এই অগ্রগতির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন জালিয়াতি। আজকাল ওটিপি (OTP) জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মাত্র একটি সাধারণ অভ্যাস রপ্ত করতে পারলেই এই ধরনের বড়সড় আর্থিক ক্ষতি থেকে নিজেকে বাঁচানো সম্ভব।
কীভাবে কাজ করছে এই 'ফেক ওটিপি' স্ক্যাম ?একটা বিষয় মাথায় রাখতে হবে, আগে প্রতারকেরা সরাসরি ব্যাঙ্কের কর্মী সেজে ফোন করত। কিন্তু এখন তাদের কায়দা বদলেছে। আজকাল জালিয়াতি করার জন্য তারা ডেলিভারি এজেন্ট, টেলিকম কোম্পানির প্রতিনিধি, কেওয়াইসি (KYC) ভেরিফিকেশন অফিসার বা নামী কোম্পানির কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সেজে ফোন করে।
এই ক্ষেত্রে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ফেক কলার আইডি (Fake Caller ID) বা এআই-জেনারেটেড (AI-generated) নকল কণ্ঠস্বরও ব্যবহার করছে। এরপর কোনো একটি জরুরি অজুহাত বা সমস্যার কথা বলে আপনাকে মানসিক চাপে ফেলে এবং তড়িঘড়ি ওটিপি শেয়ার করতে বাধ্য করে।
জালিয়াতি রুখতে সবচেয়ে সহজ অভ্যাস, "আগে ফোন কাটুন"এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কোনও অজানা নম্বর থেকে ফোন আসার পর যদি ওটিপি-র কথা বলা হয়, তবে সবার আগে ফোনটি কেটে দিন ও তারপর মেসেজটি চেক করুন।
শুনতে খুব সাধারণ মনে হলেও, এই একটি অভ্যাস আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আসলে, প্রতারকেরা মূলত আপনার ভয়, তাড়াহুড়ো এবং মানসিক অস্থিরতার সুযোগ নেয়। ফোনের লাইনে রেখে তারা আপনাকে চিন্তা করার কোনো সুযোগই দেয় না এবং অনবরত চাপ সৃষ্টি করতে থাকে।
ফোনটি কেটে দেওয়ার পর আপনি ঠাণ্ডা মাথায় চিন্তা করার এবং মেসেজটি ভালো করে পড়ার সুযোগ পাবেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যে ওটিপি-টি এসেছে তা কোনো লগ-ইন, ব্যাঙ্কের টাকা ট্রান্সফার বা অ্যাকাউন্ট রিসেট করার জন্য পাঠানো হয়েছে—যা আপনি নিজে আবেদনই করেননি!
স্ক্রিন শেয়ারিং অ্যাপ নিয়ে সাবধানপ্রতারকেরা কেবল ওটিপি চুরিতেই ক্ষান্ত থাকে না; অনেক সময় তারা ফোনে বিভিন্ন 'স্ক্রিন শেয়ারিং' বা 'রিমোট অ্যাক্সেস' অ্যাপ ডাউনলোড করতে বলে। এই ধরনের অ্যাপ ডাউনলোড করলে অপরাধীরা দূর থেকেই আপনার ফোনের স্ক্রিন দেখতে পায়। এর ফলে আপনার অজান্তেই তারা ওটিপি, পাসওয়ার্ড এবং ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত গোপন তথ্য চুরি করে নেয়। তাই অপরিচিত কারও পাঠানো কোনও লিঙ্ক বা অ্যাপে ভুলেও ক্লিক করবেন না।
মনে রাখুন ব্যাঙ্কের এই সুবর্ণ নিয়ম: ব্যাঙ্ক, ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থা বা কোনও সরকারি দফতর কখনোই ফোন করে আপনার কাছে ওটিপি (OTP) বা পাসওয়ার্ড জানতে চায় না।
আপনার টাকা সুরক্ষিত রাখতে মেনে চলুন এই ৩টি গোল্ডেন রুল১ কাউকে ওটিপি দেবেন না: ফোনে যতই জরুরি পরিস্থিতির কথা বলা হোক না কেন, ওটিপি সম্পূর্ণ গোপন রাখুন।
২ ভীতি প্রদর্শনে ভয় পাবেন না: "আপনার সিম ব্লক হয়ে যাবে" বা "অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে"—এই ধরণের হুমকি মূলত প্রতারকদের ভয় দেখানোর কৌশল। এতে বিভ্রান্ত হবেন না।
৩ অফিসিয়াল নম্বরে নিজে যোগাযোগ করুন: কলার আইডিতে কী নাম দেখাচ্ছে, তা দেখে অন্ধের মতো বিশ্বাস করবেন না। কোনো সন্দেহ হলে, সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নম্বর নিয়ে নিজে ফোন করে যাচাই করুন।
