PNB 35 Crore Scam : ডিজিটাল ইন্ডিয়ার যুগে ফের বড় প্রতারণার মুখে পড়তে হল সাধারণ নাগরিকদের। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হয়েছে এই স্ক্যাম (PNB Scam)। গ্রাহকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট থেকে। সেভিংস ছাড়াও ফিক্সড ডিপোজিট থেকেও টাকা গেছে তাদের। সবথেকে বড় বিষয়, টাকা তোলার পরও কোনও SMS আসেনি গ্রাহকদের কাছে।
কোথায় হয়েছে ঘটনা ?পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রেটার নয়ডার P1 শাখায় ঘটেছে এই ঘটনা। গ্রাহকদের অভিযোগ, তাদের না জানিয়েই টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেভিংস ছাড়াও ফিক্সড ডিপোজিট থেকেও টাকা তুলে নেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, এফডির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের না জানিয়ে অ্য়াকাউন্ট ক্লোজ করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে ব্যাঙ্কের ম্যানেজার-সহ পাঁচজনকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩৫ কোটি টাকা হারিয়েছেন গ্রাহকরা।
কী অভিযোগ করছেন গ্রাহকরা ?বুধবারই এই বিষয়ে অভিযোগ জানাতে ব্যাঙ্কে যান গ্রাহকরা।সেখানে বিক্ষোভ দেখান একটি কৃষক সংগঠনের সদস্যরা। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ব্যাঙ্কের স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ বসানো হয়েছে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায়। PTI-কে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্কের এক গ্রাহক বিজেন্দ্র সিংহ জানান, তাঁর অ্যাকাউন্টে ৮৭-৮৮ লাখ টাকা ছিল, যদিও তা এখন ১ লাখ টাকায় নেমে এসেছে। অন্য এক গ্রাহক হানিফ খান জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৯ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। তাঁর সেভিংস অ্যাকাউন্টে এখন শূন্য ব্যালেন্স দেখাচ্ছে। টাকা যে তোলা হয়েছে, তারও কোনও মেসেজ আসেনি তাঁর কাছে।
কেন ব্যাঙ্কের ওপর ক্ষোভ বেড়েছে ?অনেক গ্রাহক জানিয়েছেন, তারা পাসবুক আপডেটের জন্য ব্যাঙ্কের কর্মীদের গিয়েছিলেন। যদিও কর্মীরা তাদের জানান, রিজার্ভ ব্য়াঙ্কের অডিট চলছে বলে এখন কোনও পাসবুক ব্যালেন্স আপডেট করা যাবে না।
কী বলছে ব্যাঙ্ক ?PNB-র তরফে বলা হয়েছে, গ্রাহকদের সমস্যার সমাধানে তারা সব সময় তৎপর। ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কীভাবে দ্রুত টাকার বিষয়টি সমাধান করা যায়, ব্যাঙ্ক সেই বিষয়টি দেখছে। তবে কত টাকা উধাও হয়েছে সেই বিষয়ে এখন কোনও খোলসা করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
