কলকাতা : মুখ্যমন্ত্রীর 'হাম্পটি-ডাম্পটি' মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম। ওয়াক আউট করল বিজেপি। রাজ্য বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্যের পর ধুন্ধুমার কাণ্ডে বেঁধে যায়। অশোক লাহিড়ির বক্তব্যের সমালোচনা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাজেটের পর মুখ্যমন্ত্রীর 'হাম্পটি ডাম্পটি' মন্তব্যের এদিন উল্লেখ করেন অশোক লাহিড়ি। 'মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট সম্পর্কেই একথা বলতে চেয়েছেন' বলে মন্তব্য করেন তিনি। অশোক লাহিড়ির বক্তব্যের পরেই বলতে ওঠেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য। 'অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্যক্তিগত আক্রমণ করেছেন, এতে অসম্মানিত হয়েছেন অশোক লাহিড়ি', এই অভিযোগ তুলে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

Continues below advertisement

এ প্রসঙ্গে পরে বিধানসভার বাইরে অশোক লাহিড়ি বলেন, "এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে, তার কথা বলা উচিত। এগুলো তা অপ্রাসঙ্গিক। আমি ইংরাজি জানি কি জানি না, আমার ইংরাজির উচ্চারণ কী...এটা খুবই অপ্রীতিকর। দ্বিতীয় হচ্ছে, একটা কবিতা আছে না...রামগড়ুরের ছানা হাসতে তাদের মানা ...ভাল ভাল পার্লামেন্টারিয়ান দেখবেন, কত রঙ্গ করেন। ব্যঙ্গর তো কোনও আপত্তি নেই। ব্যঙ্গ করতে কী আপত্তি। লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে, আমি আর একটা ব্যঙ্গ করব। এখানে ব্যঙ্গ নয়, প্রায় গালাগালির পর্যায়ে চলে গেছে। প্রথমত আমি মনে করি, এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা যে, কেউ কিছু কথা বললেই সবকিছুর আগে বলেন...মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আরে আমার দলের নেতা, তাঁর অনুপ্রেরণা তো থাকবেই। সেটা বলার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে, অর্থবহ আলোচনা খুব কম হয়। বাজেটের আলোচনা মানে তো, এত টাকা খরচ হবে। এই অনুমান। এই টাকা কোথা থেকে আসবে, রাজস্ব যথেষ্ট আছে কি না, পরিকাঠামো কী হবে, ভাতা দেওয়া হবে তাতে যাতে দুর্নীতি না হয়...সেটার কী করে উপায় বের করব...এই আলোচনাটা বোধ হয় আরও বেশি হওয়া উচিত।"

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "অশোক লাহিড়ি সজ্জন মানুষ। তিনি পণ্ডিত মানুষ। কিন্তু, বিজেপি যে সস্তার নাটকটা করল...ওয়াক-আউটের, আসলে বিজেপি এখন থেকেই নেট প্র্যাক্টিস করা শুরু করল। কারণ, ২০২৬ সালের নির্বাচনে বিধানসভা নির্বাচনে  মে মাসের মধ্যে সরকার গঠিত হবে। বাংলার মানুষ ওদের ওয়াক-আউট না, ঘাড় ধাক্কা দেওয়ার ব্যবস্থা করে দেবে।"  

Continues below advertisement